ন্যাম সম্মেলনকালে পারভেজ মোশাররফ এবং মনমোহন সিং সাক্ষাত করবেন
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ কিউবায় আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাম সম্মেলনে যোগদনকালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সাথে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
সেপ্টেম্বরের ১০ তারিখের পর মোশাররফ তার এই বিদেশ সফর শুরু করবেন এবং কিউবা সফরের পাশাপাশি বেলজিয়াম এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন বলেও জানা গেছে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর পরিদর্শন এবং পার্লামেন্টে ভাষণ দানের জন্য তিনি এই সফর শুরু করবেন।
পারভেজ মোশারফের ভাষণ হবে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া পাকিস্তানী কোনো রাষ্ট্রপতির প্রথম ভাষণ।
হাভানা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার পথে প্যারিসে তিনি স্বল্প সময়ের জন্য বিরতি নেবেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনেও অংশ নেবেন তিনি।
