বিস্ফোরকদ্রব্য রয়েছে সন্দেহে সিয়াটল বন্দর টার্মিনাল খালি করে দিয়েছে কর্তৃপক্ষ
মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল বন্দরে লুকানো বিস্ফোরক দ্রব্য থাকতে পারে এ সন্দেহে বন্দর কর্তৃপক্ষ সকলকে ত্যাগের নির্দেশ দিয়েছে।
নিরাপত্তা বাহিনী ঐ বন্দরের ১৮ নং টার্মিনালে বিস্ফোরক অনুসন্ধানে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছেড়ে দেয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সিয়াটল বন্দরের ১৮ নং টার্মিনালের চতুর্দিকে দুহাজার ফুট (৬০০ মিটার) ব্যাসের একটি নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে।
সিয়াটল বন্দর মুখপাত্র ডেভিড স্কেইফার এ কথা জানান।
এছাড়া, মার্কিন উপকূলরক্ষীরা পানির নীচেও এধরনের একটি নিরাপত্তা বলয় তৈরি করেছেন।
১৯৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত ১৮ নং টার্মিনালটি সিয়াটলের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল।
ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট দলীয় প্রতিনিধি পরিষদের সদস্য এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সিনিয়র সদস্য এডওয়ার্ড মার্কি এই বন্দরে আসা এবং ছেড়ে যাওয়া সব মালবাহী জাহাজে সতর্কতামূলক স্ক্রিনিং ব্যবস্থা চালু করতে অনুরোধ জানিয়েছেন।
