২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ লেবাননে অবস্থান নিতে যাচ্ছে সেনাবাহিনী, ইসরায়েলি দখলদারিত্বের সম্পূর্ণ অবসান হয়নি

লেবানন সরকার সেদেশের দক্ষিণে লিতানি নদীর কাছে বৃহস্পতিবার থেকে সৈন্য মোতায়েন শুরু করতে যাচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 11:35 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

লেবানন মন্ত্রীসভা দক্ষিণ লেবাননে ১৫,০০০ সৈন্য পাঠাতে সম্মত হয়েছে।

প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা দক্ষিণ লেবাননে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সৈন্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন। এছাড়া, লেবানন সরকারের অনুমতি ছাড়া কেউ অস্ত্র ব্যবহার করতে পারবেনা বলে নির্দেশ দিয়েছেন তিনি।

তবে লেবাননে হিজবুল্লাহ গেরিলাদের অবস্থান এবং তাদের নিরস্ত্রীকরণে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। 

এদিকে, লেবাননে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে কয়েকটি বিশেষ শর্তের আওতায় ফ্রান্স তার সৈন্য পাঠাবে বলে ঘোষণা দিয়েছে।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল আলিওট মারি জানিয়েছেন, স্পষ্ট সমর্থন এবং পর্যাপ্ত রসদের নিশ্চয়তা পেলে তার দেশ লেবাননে সৈন্য পাঠাতে প্রস্তুত রয়েছে।

এদিকে দক্ষিণ লেবাননের কয়েকটি স্থান থেকে ইসরায়েল তার সৈন্য প্রত্যাহারের কাজ শেষ করেছে। এসব স্থানে লেবাননে আগে থেকে নিয়োজিত জাতিসংঘের ইউনিফিলের সৈন্যরা অবস্থান নিয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, লেবাননের মারজাওন শহর এবং এর চারপাশের এলাকায় ইউনিফিলের ২০০০ সৈন্য অবস্থান নিয়েছে।

সীমান্ত শহর বিন্ট জেবিল এর সংলগ্ন এলাকাতে ইউনিফিল অবস্থান নিলেও এসব এলাকার নিয়ন্ত্রণ এখনো ইসরায়েলের হাতে রয়েছে বলে তিনি জানান।

ইসরায়েল দখলে রাখা লেবাননের বিভিন্ন শহর পর্যায়ক্রমে জাতিসংঘের আন্তর্জাতিক বাহিনীর কাছে হস্তান্তর করবে। তবে কবে নাগাদ ইসরায়েল সম্পূর্ণভাবে তার সেনাবাহিনী লেবানন থেকে প্রত্যাহার করে নেবে তা এখনো জানা যায়নি। এক্ষেত্রে, লেবাননে জাতিসংঘের আন্তর্জাতিক বাহিনী মোতায়েন প্রক্রিয়ার  ওপর ইসরায়েলের সৈন্য প্রত্যাহার নির্ভর করছে বলে ঐ মুখপাত্র জানিয়েছেন।