যুদ্ধবিরতি সত্ত্বেও হিজবুল্লাহ গেরিলাদের সতর্ক করে দিলেন ওলমার্ট
ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট লেবাননে হিজবুল্লাহ গেরিলাদের নিশ্চিহ্ন করতে অভিযান পরিচালনা করা হবে বলে সেদেশের সংসদে ঘোষণা দিয়েছেন।
সংসদের এক উত্তপ্ত অধিবেশনে তিনি লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ গেরিলাদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে বলে জানান।
সংসদে এক ভাষণে তিনি হিজবুল্লাহ গেরিলাদের ঘাঁিটগুলো নির্মূল করতে লেবাননের যে কোনো স্থানে ইসরায়েল হামলা চালাতে প্রস্তুত বলে জানান। এজন্য কারো অনুমতি নেওয়া বা ক্ষমা প্রার্থনা ইসরায়েল করবেনা বলেও তিনি উল্লেখ করেন।
কয়েকজন সংসদ সদস্য এ যুদ্ধে লেবাননে হিজবুল্লাহ গেরিলাদের নিশ্চিহ্ন করার যে লক্ষ্য ছিল ইসরায়েলের, তা পুরোপুরি অর্জিত হয়নি বলে অভিযোগ জানালে ওলমার্ট তাদের ধৈর্য ধরতে অনুরোধ করেছেন।
হিজবুল্লাহ নেতাদেরও ছেড়ে দেওয়া হবেনা বলে সতর্ক করে দেন তিনি।
হিজবুল্লাহ নেতা শেখ হাসান নাসারাল্লাহ ইসরায়েলের সাথে প্রতিরোধ যুদ্ধে তাদের ঐতিহাসিক বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন।
সোমবার গ্রিনিচ মান সময় সকাল ৫ টায় জাতিসংঘের যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন এবং ইসরায়েল স্বাক্ষর করলে লেবাননে মাসব্যাপি ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘটে।
জাতিসংঘের মহাসচিব কফি আনান সোমবার থেকে কার্যকর হওয়া ইসরায়েল- লেবানন যুদ্ধবিরতি চুক্তি ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছেন।
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সাথেসাথে গৃহহীন হাজার হাজার লেবানিজ দক্ষিণ লেবাননে তাদের ঘরে ফিরতে শুরু করেছে।
তবে শেষ মূহুর্তের যুদ্ধে ইসরায়েল চারজন হিজবুল্লাহ গেরিলাকে হত্যা করেছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
এ প্রসঙ্গে অবশ্য ইসরায়েলি কর্মকর্তারা সংবাদ সংস্থাগুলোকে বলেছেন, হিজবুল্লাহ গেরিলাদের আক্রমণের জবাবে তারা পাল্টা আক্রমণ চালালে গেরিলারা নিহত হয়। এই আক্রমণে জাতিসংঘের যুদ্ধবিরতি চুক্তির শর্তের কোনোরূপ লঙ্ঘন হয়নি বলেও তারা দাবী করেছেন।
এদিকে, সোমবার রাত এবং মঙ্গলবার ভোরের দিকে হিজবুল্লাহ গেরিলারা দক্ষিণে ইসরায়েলি সীমান্ত লক্ষ্য করে ১০টিরও অধিক রকেট ছুঁেড়ছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
