২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি শুরু, তবে ইসরায়েলের মনোভাবে এখনও আশংকার ছায়া

অবশেষে জাতিসংঘের মধ্যস্থতায় সোমবার থেকে ইসরায়েল ও লেবাননে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর মধ্য দিয়ে লেবাননে একমাসেরও বেশি সময় ধরে চলমান সহিংসতার অবসান হতে যাচ্ছে বলেই আপাতঃদৃষ্টে ধরে নেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 06:53 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের অনমনীয় মনোভাব দেখে তাতে আশান্বিত হওয়ারও কোন কারণ দেখা যাচ্ছে না।

তবে বিভিন্ন বার্তা সংস্থা সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র ১৫ মিনিট আগেও পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত ছিল।

ইসরায়েল বলেছে, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী লেবাননের নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত তারা লেবানন ছাড়বে না।

গত ১২ জুলাই ইসরায়েলি দুই সেনা অপহরণের জের ধরে যুদ্ধ শুরু হয়। সেই থেকে এই পর্যন্ত ১ হাজারেরও বেশি লেবাননি এবং ১৫৫ জন ইসরায়েলি নিহত হয়েছে।

গ্রিনিচ মান সময় পাঁচটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে ইসরায়েল বলেছে, যুদ্ধবিরতি চলাকালেও তারা লেবাননে নৌ ও বিমান অবরোধ অব্যাহত রাখবে এবং তাদের সেনাদের ওপর হামলা করা হলে তারাও পাল্টা হামলা চালাবে।

যুদ্ধবিরতি প্রস্তাবের মূল পয়েন্টগুলো হচ্ছে - ১. ইসরায়েলের ওপর হিজবুল্লাহ গেরিলাদের হামলা অবশ্যই বন্ধ করতে হবে। ২. ইসরায়েলকে অবশ্যই আগ্রাসী সামরিক অভিযান বন্ধ করতে হবে। ৩. ১৫ হাজার শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হবে। ৪. দক্ষিণ লেবাননে লেবাননী সেনা মোতায়েন থাকবে। ৫. আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পর ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করতে হবে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ব্যাপারে লেবানন সরকার বা হিজবুল্লাহদের প্রতিক্রিয়া জানা যায়নি।

ইসরায়েলি মন্ত্রিপরিষদ রোববার যুদ্ধবিরতি প্রস্তাবে অনুমোদন দেয়। কিন্তু হিজবুল্লাহদের নিরস্ত্র করার ব্যাপারে লেবাননের মন্ত্রিপরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবের আলোচনা স্থগিত হয়ে যায়।

এদিকে লেবাননের পূর্বাঞ্চলে রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতজন লেবাননি নিহত হয়েছে। এ ছাড়া সিডনের দক্ষিণাঞ্চলীয় শহরে ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে অবরোধের কারণে মারা গেছে আরও একজন।

যুদ্ধবিরতি শুরু হলেও লেবাননের দক্ষিণাঞ্চলের অভ্যন্তরে এখনও কয়েক হাজার ইসরায়েলি সেনা অবস্থান করছে। তবে যুদ্ধবিরতির ফলে কিছু ইসরায়েলি সেনাকে ইতোমধ্যে ফিরিয়ে আনা হয়েছে।

যুদ্ধাবস্থার ফলে যারা তাদের ভিটে - বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তারা যুদ্ধবিরতি শুরু হলেও ফিরে আসার আগে পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছেন। যুদ্ধবিরতির পর কিছুদিন তারা দেখতে চান। সত্যিকারের অর্থেই পরিস্থিতি স্বাভাবিক থাকলে তারা ফিরতে শুরু করবেন বলে জানিয়েছেন।