অ্যাম্বুলেন্স কেলেঙ্কারীতে ফেঁসে গেছেন ব্রাজিলের সংসদ সদস্যরা
দুর্নীতি এবং ঘুষ নেওয়ার অভিযোগে ৭২ জন সংসদ সদস্যকে বহিষ্কারের সিদ্বান্ত নিয়েছে ব্রাজিলের সংসদীয় প্যানেল।সন্দেহভাজন আরো ১৮জনকে উপযুক্ত প্রমাণের অভাবে দায় থেকে অব্যাহতি দিয়েছে এই প্যানেল।
ব্রাজিলের কংগ্রেসের এই ডেপুটি এবং সিনেটরদের বিরূদ্ধে স্থানীয় কর্তৃপক্ষকে মিথ্যা চুক্তির মাধ্যমে অ্যাম্বুলেন্স সরবরাহের নামে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করে দেখছে ‘পার্লামেন্টারি কমিশন অব ইনকোয়ারি (সিপিআই)’ নামের এই প্যানেল।
অভিযুক্ত ৬৯ জন ডেপুটি এবং তিনজন সিনেটর ব্রাজিলের কংগ্রেসের মোট সদস্যের দশভাগের একভাগ।
কংগ্রেস সদস্যদের এধরনের ব্যাপক কেলেঙ্কারীর অভিযোগ কোনো দেশের জন্য এই প্রথম বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
তদন্ত কাজে নিয়োজিত প্যানেল জানিয়েছে, অভিযুক্ত ৭২ জন ডেপুটি ও এমপি ব্রাজিলের বিভিন্ন এলাকায় অ্যাম্বুলেন্স সরবরাহকারী ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অর্থ এবং উপহারসামগ্রী নিয়েছে। আভিযুক্তদের নাম ব্রাজিলের দ্বিকক্ষবিশিষ্ট কংগ্রেসের ‘এথিকস কমিটি’তে তুলে ধরা হবে এবং তাদের বিরূদ্ধে শাস্তিমূলক কানো ব্যবস্থা গ্রহণের আগে এই কমিটির চুড়ান্ত অনুমোদন দরকার হবে বলে জানা গেছে।
