২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতিতে আনীত একটি নতুন প্রস্তাবে শুক্রবার সমঝোতার দ্বারপ্রান্তে পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2006, 12:34 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

আনীত এই প্রস্তাব যুদ্ধবিরতি প্রচেষ্টায় সফল হলে আন্তর্জাতিক সবধরনের কূটনৈতিক অচলাবস্থার অবসানের পাশাপাশি লেবাননে এক মাস ব্যাপি চলা ইসরায়েলি আক্রমণ ও নৃশংসতার ইতি ঘটাবে বলে মনে করা হচ্ছে।

এই প্রস্তাবে লেবাননের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কূটনীতিবিদরা।

এদিকে, রাশিয়া বৃহষ্পতিবার মানবিক কারণে ৭২ ঘন্টার জন্য লেবাননে যুদ্ধবিরতির পক্ষে তাদের একটি প্রস্তাব জাতিসংঘে উত্থাপন করেছে। লেবানন- ইসরায়েল যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কুটনৈতিক তৎপরতা কার্যকরী না হওযায় রাশিয়া এ উদ্যোগ নিলো বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চারকিন লেবাননে ইসরায়েলি হামলা ও সহিংসতার কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লেবানন সংকট উত্তরণে অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের প্রতি আহ্বান জানান।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন বোল্টন জানান, নতুন এই খসড়া প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্যদেশের প্রতিনিধিরা শুক্রবার সমঝোতায় পৌঁছাতে আলোচনায় মিলিত হবেন।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ ডচ ব্লেজি যুদ্ধবিরতির এই নতুন প্রস্তাব প্রসঙ্গে কয়েকঘন্টার মধ্যে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন।