মালয়েশিয়া পর্যটন শিল্প সমৃদ্ধ করার লক্ষ্যে ২৩টি দেশের পর্যটকদের ভিসা দেবে
মালয়েশিয়া পর্যটন শিল্পকে সমৃদ্ধ করার লক্ষ্যে ২০০৭ সালে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান এবং মিয়ানমারসহ প্রায় ২৩টি দেশের নাগরিককে সেদেশে আসার সাথে সাথে ভিসা প্রদান করবে।
বিভিন্ন বার্তা সংস্থার খবরে বৃহষ্পতিবার একথা বলা হয়েছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী রাদজী শেখ আহমেদ এসব দেশের নাগরিকরা মালয়েশিয়ায় এক মাসের অধিক সময় ভ্রমণ করলে তাদের ভিসা প্রদান করা হবে বলে জানিয়েছেন।
‘এই অফার বিদেশী পর্যটকদের পাশ্ববর্তী দেশগুলো ভ্রমণের পরিবর্তে মালয়েশিয়া ভ্রমণে উৎসাহী করবে এবং আমাদের পর্যটন শিল্প এর ফলে সমৃদ্ধ হবে’, বলেন তিনি।
রাজী আরো জানান, ২০০৭ সাল নাগাদ মালয়েশিয়া ভ্রমণে ১০০ রিংগিত (২৭ ডলার) মূল্যের এই ভিসা পাওয়া যাবে।
মালয়েশিয়ান সরকার আশা করছে এই ভিসা প্রদানের ফলে দেশটি ২০০৭ সালে প্রায় ২ কোটি ১ লাখ পর্যটককে সেদেশ ভ্রমণে আকৃষ্ট করতে পারবে। যা হবে মালয়েশিয়ায় ২০০৪ সালে ১ কোটি ৫৭ লাখ পর্যটক ভ্রমণের থেকে অনেক বেশী।
