লেবাননের প্রধানমন্ত্রীর জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখান
মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লেবানন- ইসরায়েল যুদ্ধবিরতির যে খসড়া প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে লেবানন সরকার তা প্রত্যাখান করেছে।
এই খসড়া প্রস্তাবটিতে পরিবর্তন আনার দাবী জানিয়েছে লেবানন সরকার। লেবাননে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পূর্বেই দেশটি থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের দাবী জানিয়েছে সেদেশের সরকার।
লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সানিওরা আরব লীগের অন্তর্ভূক্ত রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে দেওয়া আবেগঘন এক ভাষণে জাতিসংঘের খসড়া প্রস্তাব বিষয়ে তার সরকারের সিদ্ধান্তের কথা জানান। প্রায় চার সপ্তাহ ধরে চলা বর্বরোচিত ইসরায়েলি আক্রমণের মুখে সম্প্রতি ৪৯ জন লেবাননি নিহত হওয়ার পরপরই অশ্র“সজল বক্তৃতায় তিনি একথা বলেন।
যুদ্ধবিরতি প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য আরব লীগের অর্ন্তভূক্ত রাষ্ট্রগুলো লেবাননের রাজধানী বৈরুতে আলোাচনায় অংশ নিয়েছে। জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের উত্থাপিত যুদ্ধবিরতির এই খসড়া প্রস্তাবে ইসরায়েলি সমর্থন মিললেও আরব বিশ্ব তীব্র নিন্দা জানিয়েছে।
লেবানন সরকার জাতিসংঘের খসড়া প্রস্তাবটি প্রত্যাখান করায় লেবানন- ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়লো বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
সানিওরার মন্ত্রীসভা ইসরায়েল- হিজবুল্লাহ যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েলি সেনাবাহিনী এবং হিজবুল্লাহ গেরিলাদের নিবৃত্ত করতে সীমান্তে ১৫ হাজার আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েনের পাশাপাশি অবিলম্বে দেশটির দক্ষিণ সীমান্ত থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের দাবী জানিয়েছে।
এদিকে, টেক্সাসে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জানিয়েছেন, লেবানন-ইসরায়েল যুদ্ধবন্ধে গৃহিত যে কোনোধরনের যুদ্দবিরতির উদ্দেশ্যই হবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ গেরিলাদের অবস্থান ও ঘাঁিট নিশ্চিহ্ন করে দেওয়া।
এদিকে, ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের মধ্যে চলমান সহিংসতা কয়েকদিন ধরে চরম আকার ধারন করেছে।
সোমবার ইসরায়েল এবং হিজবুল্লাহ গেরিলাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছে। এদের মধ্যে ইসরায়েলি এবং লেবাননি দুপক্ষের লোকই রয়েছে বলে জানা যায়।
হিজবুল্লাহ গেরিলাদের সাথে লড়াইয়ে তিনজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
