২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫ তামিল বিদ্রোহীকে হত্যার দাবি করেছে শ্রীলঙ্কার সেনাবাহিনী

শ্রীলঙ্কার সেনাবাহিনী উত্তর - পূর্বাঞ্চলীয় একটি শহরে তামিল বিদ্রোহীদের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে এবং ৩৬ জন তামিল বিদ্রোহীকে হত্যা করেছে বলে দাবি করেছে। শনিবার শ্রীলঙ্কার সেনাবাহিনী একথা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 05:45 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

সেনা সূত্র জানায়, তামিল বিদ্রোহীরা উত্তর - পূর্বাঞ্চলীয় শহর মাত্তুরের একটি জেটি দখলে নেওয়ার চেষ্টা চালায়। সেখানে বিদ্রোহীদের সাথে শ্রীলঙ্কার সেনাবাহিনীর ছয়দিন ধরে যুদ্ধ চলছিল। এসময় ওই এলাকা থেকে ১১ হাজার বাসিন্দা পালিয়ে যেতে বাধ্য হয়। শ্রীলঙ্কা সেনাবাহিনীর সামরিক মুখপাত্র মেজর জেনারেল উপালি রাজাপাকসে এসব কথা জানান।

এদিকে শনিবার সকালেও সেনা ও বিদ্রোহীদের মধ্যে গুলিবিনিময়ের খবর পাওয়া গেছে।

রাজপাকসে আরও জানান, শ্রীলংকা সেনাবাহিনী একটি বড় ধরনের সন্ত্রাসী হামলা দমনে সক্ষম হয়েছে। পরে জানা গেছে সন্ত্রাসীদের ৩৫ টি মৃতদেহ সেখানে পড়ে আছে। সেনাবাহিনী নয়টি মৃতদেহ উদ্ধার করে এবং রেডক্রসের আন্তর্জাতিক কমিটির কাছে হস্তান্তর করে।

তবে সেনাবাহিনীর দেওয়া তথ্যের এ সত্যতা স্বীকার করেনি তামিল বিদ্রোহীরা। লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) এর পক্ষ থেকে উত্তর - পূর্বাঞ্চলীয় ওই শহরে কোনও যুদ্ধের ঘটনারও সত্যতা মেলেনি।