প্রধানমন্ত্রী পদে ইয়ানুকোভিচ’র প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ুসচেঙ্কো’র সমর্থন
চার মাস বিরোধিতার পর চির প্রতিদ্বন্দ্বী ভিক্টর ইয়ানুকোভিচ’কে দেশের প্রধানমন্ত্রী পদে মেনে নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ুসচেঙ্কো। মনোনয়নের নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর ইয়ুসচেঙ্কো প্রধানমন্ত্রীকে সমর্থনের এই ঘোষনা দিলেন।
প্রেসিডেন্ট ইয়ুসচেঙ্কো জানান, ইউক্রেনের জাতীয় ঐক্যের স্বার্থে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করার জন্য ইয়ানুকোভিচ রাজী হয়েছেন। তবে এই স্বাক্ষরপত্রে পশ্চিমা শক্তি সমর্থিত ইয়ুসচেনেকো’র নীতিগুলোই প্রাধান্য পাবে বলে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানায়।
ইউক্রেনে এবছর মার্চ মাসে সংসদ নির্বাচনে ইয়ুসচেঙ্কো এবং ইয়ানুকোভিচ’র দলের কেউই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল।
প্রেসিডেন্ট ইয়ুসচেঙ্কো জানান, দেশের পশ্চিমামুখী নীতিকে বহাল রেখে ইউক্রেনের আভ্যন্তরীন ও বৈদেশিক নীতি নির্ধারন করতে শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই বিষয়ে দুই নেতার দীর্ঘ আলোচনার পর বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষনে ইয়ুসচেঙ্কো বলেন ‘আমরা ইউক্রেনকে পুনরায় ঐক্যবদ্ধ করার একটি নতুন সুযোগ পেয়েছি’।
বৃহস্পতিবার রাতেই ইয়ুসচেঙ্কো সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচনের ডাক না দেওয়ার সিদ্ধান্ত নেন।
ইয়ুসচেনকো ২০০৪ সালে ‘অরেঞ্জ রেভল্যুশন’ নামক এক গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন। আন্দোলন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ইয়ুসচেনকো জয়ী হলেও তার প্রতিদ্বন্দ্বী ইয়ানুকোভিচ ও তার দল এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছিলেন।
