হিযবুল্লাহর পাল্টা হামলার মুখে ইসরায়েল
লেবাননে হিযবুল্লাহ গোষ্ঠীর উপর আক্রমণ শুরু করার তিন সপ্তাহ পর সবচেয়ে কঠিন পাল্টা হামলার মুখে পড়েছে ইসরাযেল।
হিযবুল্লাহর ছোঁড়া ২৩০টির বেশি ক্ষেপনাস্ত্র বুধবার ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে। আন্তর্জাতিক বার্তাসংস্থাগুলো জানায়, এসব ক্ষেপনাস্ত্রের কোনো কোনোটি ইসরায়েলের ৭০ কিলোমিটার অভ্যন্তরেও ক্ষয়ক্ষতি করেছে।
পশ্চিম উপকূলের ইসরায়েলি শহর নাহারিয়ার হিযবুল্লাহর রকেট হামলায় একজন নিহত হযেছেন। হিযবুল্লাহর আক্রমণে এ পর্যন্ত ইসরায়েলের ১৯ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিযেছেন।
দক্ষিণ লেবাননের স্থল সীমান্তেও ইসরায়েল হিযবুল্লাহ গেরিলাদের প্রবল প্রতিরোধের মুখে পড়ছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র জ্যাকব ডালাল দাবি করেছেন, তিন সপ্তাহ আগের তুলনায় হিযবুল্লাহর শক্তি এখন অনেক কম।
লেবাননের পার্লামেন্টের হিযবুল্লাহর একজন এমপি হোসেইন হাজ হাসান ইসরাইলের দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, হিযবুল্লাহর শক্তি খর্ব করার দাবি কাল্পনিক।
ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট অবশ্য সাফ জানিযে দিয়েছেন, দক্ষিণ লেবাননে আন্তর্জাতিক সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান না নেওয়া পর্যন্ত তার দেশ যুদ্ধবিরতির ঘোষণা দেবে না।
এদিকে বৃহষ্পতিবার ভোর থেকেই ইসরায়েল দক্ষিণ বৈরুতের শিয়া মুসলিম অধ্যুষিত দাহিয়াহ অঞ্চলে আবারো বিমান হামলা শুরু করেছে।
