হিজবুল্লাহর ঘাঁটিগুলো ইসরাইলের টার্গেট
ইসরাইলের সীমান্ত থেকে ১০০ কিমি উত্তরে হিজবুল্ল¬াহ গেরিলাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব লেবাননের বালবেক সংলগ্ন এলাকায় বিমান এবং স্থল হামলা জোরদার করেছে ইসরাইল।
সেখানে একটি হাসপাতালে ইসরাইলী একটি হেলিকপ্টার অবতরণ করলে হিজবুল্লাহ গেরিলাদের সাথে ভয়াবহ সংঘর্ষ শুরু হয় বলে স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে।
হিজবুল্লাহ গেরিলাদের একজন মুখপাত্র হুসেন রাহাল জানান, ইসরাইলী সৈন্যরা ওই হাসপাতালটিতে ঢুকে পড়লে গেরিলারা চারদিক থেকে তাদের ঘিরে ফেলে।
ইসরাইলী নিরাপত্তা মন্ত্রীসভায় মঙ্গলবার লেবাননে বিমান ও স্থল হামলা জোরালো করা হবে -- এ রকম সিদ্ধান্ত নেওয়ার পর ইসরাইল লেবাননের গভীরে আক্রমণ আরো জোরদার করলো।
ইসরাইলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট ইসরাইল হিজবুল্লাহ গেরিলাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেছেন।
তিনি লেবাননের সাথে অবিলম্বে যুদ্ধবিরতিতে ইসরাইলের আগ্রহ নেই বলেও জানান।
তবে তিনি লেবানন -- ইসরাইল যুদ্ধবিরতিতে একটি কূটনৈতিক প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানান। এই প্রক্রিয়ায় এমন একটি যুদ্ধবিরতি সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন যা ইসরাইলের উত্তর সীমান্তের যুদ্ধ বিরতির প্রক্রিয়া থেকে ভিন্ন হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে ইসরাইল লিতানি নদীর উত্তর -- পূর্বে বসবাসকারী লেবাননীদের গৃহ ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে।
এদিকে ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীদের এক বৈঠকে লেবাননে ইসরাইলী আগ্রাসন বন্ধে অবিলম্বে দীর্ঘস্থায়ী যুদ্ধ বিরতির আহ্বান জানানো হয়েছে।
এছাড়া দক্ষিণ লেবাননে ভয়াবহ লড়াই অব্যাহত রয়েছে যাতে দুপক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানা গেছে।
ইসরাইল জানিয়েছে, আইত -- আল -- সাব শহরে গেরিলাদের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের তিনজন সৈন্য নিহত হয়েছে।
হিজবুল্লাহ লেবাননের ফার কিলা, আদিয়াসি এবং তাইবী এলাকার যুদ্ধে তাদের চারজন যোদ্ধা নিহত হয়েছে বলে জানায়। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর লুয়িজেহ’তে অব্যাহত বিমান হামলায় দুকন্যাসহ এক মহিলা নিহত হয়েছেন।
লেবাননে প্রায় তিন সপ্তাহের ইসরাইলী সহিংসতায় এ পর্যন্ত ৭৫০ জন লেবাননী নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
অন্যদিকে হিজবুল্লাহ গেরিলাদের আক্রমণে ১৮ জন বেসামরিক লোকসহ ৫৪ জন ইসরাইলী নিহত হয়।
