লেবাননে আক্রমণ জোরদার করবে ইসরাইল
ইসরাইলী মন্ত্রীসভার এক বৈঠকে দক্ষিণ লেবাননে আক্রমণ জোরদার করার সিদ্ধান্তে একমত হয়েছেন প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট ও তার মন্ত্রীরা।
ইসরাইলী মন্ত্রীদের এক রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন একজন সিনিয়র রাজনীতিবিদ।
এদিকে, লেবাননের একজন সরকারী কর্মকর্তা ইসরাইল পূর্ব লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে বলে জানান।
সোমবার লেবাননের কানা গ্রামে ইসরাইলী অভিযানে ৫৪ জন বেসামরিক লোক নিহত হলে ইসরাইল সেখানে তদন্ত পরিচালনার স্বার্থে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হলেও একদিনেরও কম সময়ের মধ্যে দক্ষিণ লেবাননে ইসরাইল পুনরায় বিমান হামলা চালায়। উল্লেখ্য, কানা গ্রামের ঐ হামলায় নিহতদের বেশীরভাগ ছিল শিশু।
এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট লেবাননের সাথে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল করে দিয়ে বলেন, ইসরাইলের নিরাপত্তা যতদিন বিঘিœত হবে ততদিন ইসরাইল লেবাননের ওপর হামলা অব্যাহত রাখবে।
এ প্রসঙ্গে রাজধানী তেলআবিবে তিনি আরো বলেন, “ আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হলে এবং আমাদের নিখোঁজ ও অপহৃত সৈন্যদের ফিরে পেলে লেবাননের ওপর হামলা বন্ধ করবো।”
জেরুজালেমে বিবিসি’র সাংবাদিক কাতিয়া আদলার জানান, ইসরাইল দক্ষিণ লেবাননের আরো গভীরে তীব্র আক্রমণ চালাতে পারে।
ইসরাইল হিজবুল্লাহ গেরিলাদের লেবানন-ইসরাইল সীমান্ত থেকে অপসারণে সেখানে একটি নিরাপত্তা বলয় বা সিকিউরিটি জোন প্রতিষ্ঠা করতে যাচ্ছে বলেও জানা গেছে।
এছাড়া, স্থল অভিযান জোরালো করতে ইসরাইল লেবাননে নতুন করে কয়েকহাজার সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বলে ইসরাইলের বেতার সূত্রে জানা গেছে।
এদিকে, লেবাননের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, উত্তর-পূর্ব লেবাননের সাথে সিরিয়ার স্থল যোগাযোগ বিচ্ছিন্ন করতে ইসরাইল সেখানে মঙ্গরবার বিমান হামলা চালিয়েছে।
এছাড়া,সীমান্ত থেকে ১৫ কিমি দূরে অবস্থিত হিজবুল্লাহদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত একটি গ্রামে ইসরাইল তীব্র আক্রমণ চালায়।
দক্ষিণ লেবাননে লেবানন-ইসরাইল সীমান্তে হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে ইসরাইলী সেনাবাহিনীর তুমুল লড়াই চলছে।
