২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলীয় হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ

লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত কানা গ্রামে ইসরাইলীয় হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 12:04 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

জনসমক্ষে উপস্থাপিত এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ এ নিন্দা জানালেও যুদ্ধবিরতির জন্য কফি আনান যে আহ্বান জানিয়েছেন ইসরাইল তা প্রত্যাখ্যান করেছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

সর্বসম্মতভাবে উপস্থাপিত এ বিবৃতিতে ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ৬০ জন ব্যক্তি মারা যাওয়ায় গভীর শোকও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ভয়াবহ এ ঘটনা সম্পর্কে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রদান করার জন্য আনানকে আহ্বান জানানো হয়েছে।

এ বিবৃতিতে দীর্ঘ মেয়াদি ও স্থায়ী যুদ্ধবিরতির উপর জোর দেওয়া হয়েছে এবং মধ্যপ্রাচ্যের এ সংকট নিরসনের জন্য নিরাপত্তা পরিষদ যে পদক্ষেপ গ্রহণ করবে সে ব্যাপারেও নিশ্চয়তা দেওয়া হয়েছে।

কানা গ্রামে ইসরাইল যে বিমান হামলা চালিয়েছে তা ছিল মধ্যপ্রাচ্যের ১৯ দিন ধরে চলা এ যুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলা। এ হামলার পরপরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনান যুদ্ধবিরতির আহ্বান জানান। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত জন বোলটন এর বিরোধিতা করে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যুদ্ধবিরতির চেয়ে বর্তমান সময়ে যেটা বেশি প্রয়োজনীয় তার প্রতি গুরুত্ব দেওয়া উচিৎ।

আগামী ৪৮ ঘন্টার জন্য ইসরাইল বোমা হামলা বন্ধ করতে পারে--এমন কোন আভাস নিরাপত্তা পরিষদ দেয়নি।

এদিকে কফি আনান জানান যে যুদ্ধবিরতির যে আহ্বান তিনি জানিয়েছিলেন তার প্রতি গুরুত্ব না দেওয়ায় তিনি খুবই হতাশ হয়েছেন বলে তিনি আবারও একই আহ্বান জানান।