কয়েকদিনের মধ্যে লেবাননে বহুজাতিক বাহিনী মোতায়েন সংক্রান্ত চুক্তির সম্ভাবনা: ব্লেয়ার
মার্কিন যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার লেবানন সংকট নিরসনে দেশটিতে কয়েকদিনের মধ্যে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হবে এবং এই বাহিনী মোতায়েনের ফলে অবিলম্বে লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা তরান্বিত হবে বলে জানিয়েছেন।
ব্লে¬য়ার পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফরে বর্তমানে সানফ্রান্সিসকোতে অবস্থান করছেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
ইসরাইল এবং হিজবুল্ল¬াহ গেরিলাদের মাঝে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেমে থাকা ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার অগ্রগতির প্রতি জোর দিতে হবে বলেও ব্লে¬য়ার জানান।
শুক্রবার ওয়াশিংটনে মধ্যপ্রাচ্য সংকট উত্তরণে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এক বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লেবানন-ইসরাইল সহিংসতা বন্ধে লেবাননে বহুজাতিক বাহিনী মোতায়েন সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করার বিষয়ে একমত হয়েছেন।
বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের কাছে কয়েকদিনের মধ্যে লেবাননে বহুজাতিক বাহিনী নিয়োগ এবং ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করা সম্ভব কিনা জানতে চাওয়া হলে বিবিসি’র টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আশা করি লেবাননে কয়েকদিনের মধ্যে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন সম্ভব না হলেও দেশটির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টা এগিয়ে নিতে বহুজাতিক বাহিনী মোতায়েন সংক্রান্ত তৎপরতার অগ্রগতি হবে।’
তিনি আরো বলেন, ‘ইসরাইল এবং লেবাননের সরকারের মাঝে সমঝোতা চুক্তির ওপর ভিত্তি করে জাতিসংঘের এই প্রস্তাব অনুমোদন করা হবে এবং আমি মনে করি আমরা যদি মধ্যপ্রাচ্যের সহিংসতা নিরসনে একটি যথোপযুক্ত এবং টেকসই প্রস্তাব অনুমোদন এবং বাস্তবায়নে একমত হই তাহলেই লেবানন-ইসরাইল যুদ্ধ বিরতি সম্ভব হবে।’
লেবাননে ইসরাইলী আগ্রাসনে মার্কিন প্রেসিডেন্ট বুশের প্রতি সমর্থন প্রদানেরর জন্য বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তার দেশে ব্যাপক সমালোচনা এবং চাপের মুখে রয়েছেন।
তবে লেবাননে ইসরাইলের সামরিক অভিযান পরিচালনায় সবুজ সংকেত দিয়েছেন-এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘লেবাননে যা ঘটছে তা দেশটির জনগণের জন্য অত্যন্ত ভয়াবহ। তবে ইসরাইল-লেবানন যুদ্ধ বিরতি চুক্তি ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়।’
মধ্যপ্রাচ্যে অবিলম্বে সহিংসতা ও ইসরাইলী আক্রমণ বন্ধে যথোপযুক্ত ভূমিকা গ্রহণে লন্ডনের অবস্থানে বৃটিশ সরকারের কয়েকজন মন্ত্রী বিব্রতবোধ করেছেন কিনা জানতে চাওয়া হলে ব্লেয়ার তা অস্বীকার করে বৃটিশ মন্ত্রীসভায় এ ধরনের আলোচনা বিভেদ সৃষ্টি করে বলে জানান।
