লেবাননে বহুজাতিক বাহিনী পাঠানোর ব্যাপারে একমত বুশ ও ব্লেয়ার, তবে যুদ্ধ পরিস্থিতি অপরিবর্তিত
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, লেবাননে খুব শিগগিরই বহুজাতিক বাহিনী পাঠানো হবে।
ওয়াশিংটনে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাথে আলোচনা শেষে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দু দেশেরই লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা।
তবে লেবাননে সেনা পাঠানো এবং দীর্ঘস্থায়ী শান্তির কথা বললেও দু পক্ষের কেউই যুদ্ধবিরতির ব্যাপারে জোর দিয়ে কোনকিছু বলেননি।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস শনিবার আবার মধ্যপ্রাচ্য সফরে আসছেন। জাতিসংঘ দক্ষিণ লেবাননে মানবিক সাহায্য পাঠানোর জন্য এবং যুদ্ধাহতদের সরিয়ে নিতে তিন দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
এর আগে হিজবুল্লাহ সূত্র জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে খায়বার - ১ নামের নতুন ধরনের একটি দূরপাল্লার রকেট হামলা চালিয়েছে।
আলোচনা শেষে বুশ সাংবাদিকদের জানান, তিনি এবং ব্লেয়ার লেবাননে বহুজাতিক বাহিনী পাঠানোর ব্যাপারে একমত। এতে লেবাননি বাহিনী আরও সম্প্রসারিত হবে এবং তারা মানবিক সাহায্য বিতরণে সহায়তা করবে। বহুজাতিক বাহিনী ত্রাণ বিতরণে সাহায্য করবে এবং সহিংসতা প্রশমন ও বাস্তুচ্যুতদের ঘরে ফিরিয়ে আনার বিষয়টিকেও প্রাধান্য দেবে।
বুশ জানান, সফরকালে কন্ডোলিৎসা রাইস দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইসরায়েল ও লেবাননকে একটি প্রস্তাবে সম্মত করার জন্য দু পক্ষের নেতাদের সাথে আলোচনা করবেন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগামী সপ্তাহে বৈঠকে বসবে।
ইসরায়েল ও হিজবুল্লাহ গেরিলাদের মধ্যকার যুদ্ধ বন্ধে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে প্রেসিডেন্ট বুশ ও ব্লেয়ার এ বৈঠক করলেও বিশ্বের প্রভাবশালী এই দুই নেতার মৌলিক অবস্থানে কোনও পরিবর্তন দেখা যায়নি। তবে তারা শিগগিরই যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়েছেন এবং যুদ্ধবিরতিকে সফল করে তোলার জন্য একটি নীতিমালা প্রণয়নেরও আহ্বান জানিয়েছেন।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, তিনি এবং বুশ একটা ব্যাপারে একমত হয়েছেন যে, লেবানন সমস্যার দ্রুত বন্ধে জাতিসংঘের প্রস্তাবনার প্রয়োজন রয়েছে। তবে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, এই মূহুর্তে যে সমস্যা চলছে তার দ্রুত সমাধান না হওয়া পর্যন্ত কোনো চেষ্টাই কাজে আসবে না। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে আমরা সেই পদক্ষেপই নিচ্ছি।
এদিকে এই দুই নেতা যখন লেবানন পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন তখন ওই অঞ্চলে সহিংসতা অন্যান্য দিনের মতোই অব্যাহত ছিল।
ইসরায়েলি পুলিশ বলেছে, একটি অজ্ঞাত রকেট ১০০ কেজিরও বেশী বিস্ফোরকসহ আফুলা শহরের কাছে আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী তেল আবিবের কাছে ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যাটারি মোতায়েন করবে বলে ঘোষণা দেওয়ার পর এই রকেট হামলা ঘটে।
এদিকে ইসরায়েলও নতুন করে হামলা চালিয়েছে লেবাননে। এতে ১২ জন লেবাননি নাগরিক নিহত হয়েছে বলে সেদেশের কর্তৃপক্ষ জানিয়েছেন। ইসরায়েল জানিয়েছে শুক্রবার গভীর রাতে দক্ষিণ লেবাননের শহর বিনত জুবেইলে স্থলযুদ্ধে কমপক্ষে ২৬জন হিজবুল্লাহ গেরিলা নিহত হয়েছে।
