২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে শক্তিশালী পারমাণবিক চুল্লী নির্মিত হচ্ছে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশীদ কাসুরি সেদেশের পাঞ্জাব প্রদেশে একটি শক্তিশালী পারমাণবিক চুল্লীর নির্মাণ কাজ চলছে বলে জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2006, 12:50 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

তবে নির্মাণাধীন পারমানবিক চুল্লীর কারণে ভারতের সাথে পাকিস্তানের পারস্পরিক সম্পর্কের অবনতি এবং কোনরূপ অস্ত্র প্রতিযোগিতার সূচনা হবে না বলে তিনি জানান।

কুয়ালালামপুরে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংগঠন আসিয়ানের ১৩তম বার্ষিক নিরাপত্তা বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশীদ কাসুরি বলেন, “পারমাণবিক চুল্লি নতুন কিছু নয়। এছাড়া, এই পারমাণবিক চুল্লিটি আমাদের হাতে নিরাপদ। আমরা এর শান্তিপূর্ণ ব্যবহার করবো।”

তিনি আরো জানান পাঁচ বছর ধরে এই পরমাণূ চুল্লীটির নির্মাণ কাজ চলছে এবং বর্তমানে এই চুল্লীর কাজ শেষের দিকে।

সন্ত্রাস দমন অভিযানে পাকিস্তানের ঘনিষ্ঠ সহযোগী মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য পাকিস্তানকে খুশাব নিউক্লিয়ার কমপ্লেক্সের কাজে এই পারমাণবিক চুল্লী ব্যবহার করে পরমাণূ অস্ত্রের পরিমাণ না বাড়াতে দেশটিকে অনুরোধ জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র বরাত দিয়ে ‘ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা পাকিস্তানের পারমাণবিক চুল্লীর অস্তিত্বের কথা উল্লেখ করলে পরমাণূ বিষয়ক আন্তর্জাতিক পর্যবেক্ষকগণ এতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পর্যবেক্ষকদের এই দলটি বলছে স্যাটেলাইটের ছবি অনুযায়ী হেভি ওয়াটার দ্বারা চালিত এই চুল্লীটি বছরে অস্ত্র তৈরীতে ব্যবহৃত ২০০ কিলোগ্রাম প্লুটোনিয়াম উৎপাদনে সক্ষম। এই প্লুটোনিয়াম দিয়ে প্রতি বছর ৪০-৫০টি পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে।

তবে পাকিস্তান তাদের পারমাণবিক চুল্লী ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলে বলে জানিয়েছেন খুরশীদ কাসুরি।

পাকিস্তানের নির্মাণাধীন পারমাণবিক চুল্লী ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কে কোনো বিরূপ প্রভাব ফেলবেনা বলে তিনি মনে করছেন।