আসিয়ান বৈঠকে মধ্যপ্রাচ্য সংকট এবং উত্তর কোরিয়া পরমাণূ ইস্যু প্রাধান্য পাবে
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও এর সংকট নিরসন এবং উত্তর কোরিয়া এবং ইরানের পরমাণূ কর্মসূচির ওপর আলোচনা ও নীতিনির্ধারণে আসিয়ানের এক বৈঠকে শুক্রবার ২৫টি দেশের নীতি নির্ধারকরা যোগ দিয়েছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস প্রথমবারের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এর এই বৈঠকে অংশগ্রহণ করছেন। এই বৈঠকে তিনি লেবানন সংকট এবং উত্তর কোরিয়ার পরমাণূ কার্যক্রম নিয়ে আলোচনা করবেন।
তবে, উত্তর কোরিয়া এই আলোচনায় অংশগ্রহণ করছেনা বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনুচের মোত্তাকিরের আকস্মিক মালয়েশিয়া সফর যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের সংকট উত্তরণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাপের পথ প্রশস্ত করবে বলে মনে করা হচ্ছে।
তবে আসিয়ানের এই বেঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হেভিয়ের সোলানা যিনি পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইরানের পরমাণু ইস্যুতে মধ্যস্থতা করছেন তিনি এই বৈঠকে থাকছেন না বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের একজন কর্মকর্তা।
মার্কিন সিকিউরিটি কাউন্সিলের সদস্যরা বৃহস্পতিবার নিউইয়র্কে ইরানের বিরুদ্ধে আনীত একটি খসড়া প্রস্তাবে অনানুষ্ঠানিক সম্মতি প্রদান করেছে বলে মার্কিন কূটনীতিবিদরা জানিয়েছেন। এই প্রস্তাবে ইরান যদি পরমাণূ সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ না করে তাহলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তারা উল্লেখ করেন।
তবে আসিয়ানের এই বৈঠকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অচলাবস্থা এবং ইসরাইলী হামলায় বিধ্বস্ত লেবাননের সংকটময় পরিস্থিতিকে অধিক গুরুত্বের সাথে তুলে ধরা হবে।
বৈঠকের শুরুতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ হামিদ আলবার উদ্বোধনী ভাষণে বলেন, ‘লেবানন এবং গাজায় উদ্ভূত সংকটময় পরিস্থিতি এবং মানবিক বিপর্যয় আমাদের উদ্বিগ্ন করে তুলেছে।’
