২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দীদের মানবাধিকার সংরক্ষণে চীনের বন্দী নির্যাতন আইনের সংশোধন

চীন সরকার দেশটির নিরাপত্তা বাহিনীর জন্য বন্দী নির্যাতন সংক্রান্ত আইন সংশোধন করে সুনির্দিষ্ট কিছু ধারা সংযোজিত করেছে যে ধারাগুলোর বাস্তবায়ন শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষই করতে পারবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 12:10 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

চীনের একটি সরকারী ওয়েবসাইটে বন্দী নির্যাতন আইন সংশোধন বিষয়ক এই ধারাগুলো প্রচার করা হয়।

কারাবন্দীদের মানবাধিকার সংরক্ষণের উদ্দেশ্যে সংশোধিত এই আইনের নতুন ধারাগুলোতে বন্দীদের প্রহার এবং অনশনে বাধ্য করা যাবেনা বলে বলা হয়েছে।

চীনের আইনে বন্দীদের প্রতি এই ধরনের নির্যাতন নিষিদ্ধ হলেও পুলিশ এবং সরকারী কর্মকর্তারা স্বীকারোক্তি আদায়ে প্রহার এবং অনশনে বাধ্য করে বন্দীদের ওপর  নির্যাতন চালায় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

চীনের উপ প্রধান আইনজীবি ওয়াঙ জেংচুয়ান বন্দী নির্যাতন আইনের সংশোধিত ধারা সম্পর্কে বলেন, ‘নতুন এই আইনে কারাবন্দীদের মানবাধিকার সর্বোচ্চ সংরক্ষণ করা যাবে।’

এই নতুন নিয়মের আওতায় আটক বন্দীদের নির্যাতনের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধিমালা অনুসরণ করা হবে ফলে বন্দীরা পাশবিক নির্যাতনের হাত থেকে মুক্তি পাবে বলে তিনি জানান।

আগে বন্দীদের ওপর পাশবিক নির্যাতনের জন্য পুলিশ বা সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের সহ কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হতোনা।

এই নতুন সংশোধিত আইনের আওতায় কোনো পুলিশ বা সরকারী কর্মকর্তা বা কর্মচারীর নির্যাতনে কোনো বন্দী আহত বা নিহত হলে ঐ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করাসহ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা যাবে।

সংশোধিত এই আইনে স্বীকারোক্তি আদায়ে বন্দীদের প্রহার, হাত-পা বেঁধে রাখা, নির্যাতনে পুলিশের অস্ত্র বা অন্য কোনো সরঞ্জাম ব্যবহার করা, অত্যাধিক ঠান্ডা, গরম বা আলোতে আটকে রাখা বা অনশন করতে বাধ্য করা যাবেনা।

তবে, স্বীকারোক্তি আদায়ের বহুল প্রচলিত পদ্ধতি বন্দীদের ঘুমাতে না দেওয়া- এ ধরনের শাস্তি প্রয়োগ সম্পর্কে এই সংশোধিত আইনে কিছূ উল্লেখ করা হয়নি।