২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে আরো সৈন্য মোতায়েন করতে যাচ্ছে ইসরাইল, শান্তিরক্ষী বাহিনী নিয়োগে আগ্রহী বুশ

লেবাননে সামরিক অভিযান জোরদার করার লক্ষ্যে দেশটিতে নতুন করে কয়েক হাজার সৈন্য মোতায়েন করার কথা জানিয়েছে ইসরাইল। ইসরাইলে মন্ত্রীসভায় লেবাননে সৈন্য মোতায়েন সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 10:54 AM

Updated : 26 Apr 2022, 03:50 PM

তবে মন্ত্রীসভার এই বৈঠকে লেবাননে বড় ধরনের কোনো পদাতিক হামলা চালানো হবেনা বলে জানিয়েছেন ইসরাইলী মন্ত্রীরা।

গত ১৬ দিন ধরে লেবানন জুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইলী যুদ্ধ বিমান। লেবাননে হিজবুল্লাহ গেরিলাদের শক্ত প্রতিরোধের মুখে ইসরাইলী সেনাবাহিনীর সাথে হিজবুল্লাহ গেরিলাদের সংঘর্ষ ও লড়াই আরো ভয়াবহ রূপ নিচ্ছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

গেরিলারা শেষ সংবাদ পাওয়া পর্যন্ত ইসরাইলী সৈন্যদের প্রতি ৪০ টিরও অধিক রকেট হামলা চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ইসরাইলী আগ্রাসনে ৬০০ জন সাধারণ লেবানীজ নিহত হয়েছে বলে জানিয়েছেন। এছাড়া ২০০ জনের অধিক লোকের ইসরাইলী বিমান হামলায় বিধ্বস্ত বাড়ী ঘরের নীচে জীবন্ত সমাধি হয়েছে বলে তিনি জানান।

১২ জুলাই হিজবুল্লাহ গেরিলারা ইসরাইলের দুজন সৈন্যকে আটক করার পর লেবাননে অনুপ্রবেশ করে ইসরাইল দেশটির ওপর সামরিক অভিযান পরিচালনা করলে গেরিলাদের সাথে তুমুল লড়াইয়ে এ পর্যন্ত ৫১ জন ইসরাইলী সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সময়সীমা নির্ধারণে অসম্মতি প্রকাশ করে দক্ষিণ লেবাননে আন্তর্জাতিক শান্তিরক্ষীবাহিনী মোতায়েনে আগ্রহ প্রকাশ করেছে।

বুশ প্রশাসন লেবাননে ইসরাইলী হামলার কারনে সৃষ্ট মানবিক বিপর্যয় রোধে মার্কিন একং আন্তর্জাতিক সাহায্য-সহযোগিতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। লেবাননে ইসরাইলী সহিংসতায় ইতোমধ্যে হাজার হাজার সাধারণ নাগরিক গৃহহীন হয়ে পড়েছে।

লেবাননে ইসরাইলের আগ্রাসন এবং লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি বিষয়ে বুশ প্রশাসনের নীরবতা ইসরাইলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন স্পষ্ট করে তুলছে।

এদিকে, একজন শীর্ষ সিরিয়ান সাংবাদিক সিরিয়ায় অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন। যেকোনো সময় সিরিয়া ইসরাইলের উপর আক্রমণ চালাতে পারে বলেও তিনি জানান।

ইসরাইলের সাথে টেলিফোন সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এই সাংবাদিক সিরিয়ান নেতাদের কতৃক সাধারণ জনগণ ইসরাইলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন।