২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি হামলার আপাত অবসানের সম্ভাবনা খুবই ক্ষীণ

লেবাননে ইসরায়েলি বাহিনীর ন্যাক্কারজনক হামলা বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। ইতালির রাজধানী রোমে বিশ্বের ১৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকটি যুদ্ধবিরতির ব্যাপারে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে যাওয়ায় ইসরায়েল আপাতদৃষ্টে আরও মারমুখী অবস্থান নিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 05:15 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ ঘটনাকে ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত বলেই আখ্যায়িত করেছেন।

বৃহস্পতিবার বৈরুতের উত্তরে বেতার কেন্দ্র এবং লেবাননি সেনাবাহিনীর একটি স্থাপনায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। অব্যাহত অভিযানের মুখে লেবাননের ওপর ইসরায়েলি হামলার আপাত অবসানের সব সম্ভাবনাই নাকচ হয়ে গেছে।

দক্ষিণ লেবাননের শহর বিনত জবেইলে বুধবার ব্যাপক সংঘর্ষের ফলে ১৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়। বুধবার রাতেও বৈরুতের বিভিন্ন এলাকায় বোমা বিস্ফোরণ এবং সেনাদের অভিযান অব্যাহত ছিল। লোকজনকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে দেখা গেছে।

এদিকে ইসরায়েলি এক সেনা কর্মকর্তা আরও কয়েক সপ্তাহ এই যুদ্ধ চলবে বলে সতর্ক করে দিয়েছেন।

বিভিন্ন বার্তাসংস্থার সূত্রে জানা গেছে, লেবাননে সেনা অভিযান আরও দীর্ঘায়িত করা হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার ইসরায়েলি মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

ইসরায়েলি বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল উদি আদম বলেন, যুদ্ধ বন্ধ হতে আরও কয়েক সপ্তাহ বেশি সময় লাগবে এবং কয়েক সপ্তাহের মধ্যেই আমরা বিজয় ঘোষণা করতে পারব।

তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি পদাতিক বাহিনী যত দ্রুত সাফল্য লাভ করবে মনে হয়েছিল আদতে তা হয়নি। সেখানে তারা হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে কঠিন পরিস্থিতির মোকাবেলা করছে। ইসরায়েলি বাহিনী এখনও হিজবুল্লাহ বাহিনীর শক্ত ঘাঁটি বলে পরিচিত বিনত জবেইল দখলে নিতে পারেনি, বরং সেখানেই ইসরায়েলি বাহিনীকে বেশি ক্ষতি স্বীকার করতে হচ্ছে। হিজবুল্লাহরা ইসরায়েলি রকেট লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত রেখেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বুধবার সন্ধ্যায় তাদের সেনা নিহত হওয়ার খবরের সত্যতা স্বীকার করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ইসরায়েলি সীমানার ভিতরে হিজবুল্লাহ যোদ্ধাদের রকেট হামলা নিয়ন্ত্রণে আনতে হিজবুল্লাহদের সীমান্ত এলাকা থেকে পিছনে হটে আসার পরিকল্পনা করছেন। তবে তার পরিকল্পনা বাস্তবায়ন করে দক্ষিণাঞ্চলে নিরাপত্তা অঞ্চল গড়ে তুলতেও বেশ কয়েক সপ্তাহ লেগে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এদিকে ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের চার পর্যবেক্ষক নিহত হওয়ার পর অস্ট্রেলিয়া জাতিসংঘ বাহিনী থেকে তাদের সেনা প্রত্যাহারের কথা জানিয়ে দিয়েছে। জাতিসংঘের মহাসচিব নিজেও ইসরায়েলের এ আক্রমণকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত  করেছেন।

তবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডাউনার মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বললেও তা ‘আত্মঘাতী মিশন’ হবে বলে আখ্যায়িত করেছেন।

এদিকে রোমে অনুষ্ঠিত ১৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে লেবাননের দক্ষিণাঞ্চলে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ওপর গুরুত্ব আরোপ করা হলেও কখন এবং কীভাবে তা মোতায়েন করা হবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তাছাড়া অনেকেই আশাবাদী থাকলেও আলোচনায় যুদ্ধবিরতির ব্যাপারেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

ইসারায়েলের বিচারমন্ত্রী হেইম আলোচনার এ ব্যর্থতার সুযোগ নিয়ে বলেছেন, যুদ্ধবিরতির ব্যাপারে কোনও সমাধান খুঁজে বের করতে ব্যর্থ হওয়ার মধ্য দিয়ে ইসরায়েলকে লেবাননে অভিযান অব্যাহত রাখার সবুজ সংকেত দেওয়া হয়েছে।

গত ১২ জুলাই হিজবুল্লাহরা দুই ইসরায়েলি সেনাকে অপহরণ করার পর থেকে এ পর্যন্ত সংঘর্ষে ৪০৫ জন লেবাননি এবং ৫১ ইসরায়েলি নিহত হয়েছে। বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘর্ষের ঘটনায় ইসরায়েলের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে।

এ ঘটনার পরপর ইসরায়েলি দৈনিক মারিভ ডেইলি’ প্রকাশিত এক জরিপে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশই হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপারে ইসরায়েলি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং তারা যুদ্ধ অব্যাহত রাখার ব্যাপারে মত দিয়েছে।