২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি হামলায় ৪ জাতিসংঘ পর্যবেক্ষক নিহত, লেবাননের দক্ষিণাঞ্চলে তুমুল সংঘর্ষ

দক্ষিণ লেবাননে পর্যবেক্ষকদের ঘাঁটিতে ইসরায়েলি হামলায় জাতিসংঘের চার পর্যবেক্ষক নিহত হয়েছে। লেবাননে অবস্থিত জাতিসংঘ জানায়, ইসরায়েলের সৈন্যরা তাদের ঘাঁটিতে হামলা চালিয়ে চার সামরিক পর্যবেক্ষককে হত্যা করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

তারা লেবাননের বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন এবং ইসরায়েলি জেট বিমানের হামলায় নিহত হন। এর আগে ইসরায়েলি সৈন্যরা ওই বাঙ্কারটিতে ১৪ বার হামলা চালায়।

এই চার পর্যবেক্ষক হলেন অস্ট্রেলিয়া, কানাডা, চীন এবং ফিনল্যান্ডের অধিবাসী।

প্রসঙ্গত, নিহতরা ১৯৪৮ সাল থেকে মধ্যপ্রাচ্যে নিয়োজিত জাতিসংঘের প্রথম শান্তিরক্ষী বাহিনী আন্টসো মিশনের সদস্য ছিলেন।

জাতিসংঘ মহাসচিব কফি আনান এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, পর্যবেক্ষকদের ঘাঁটি হামলার লক্ষ্যবস্তু হওয়ায় তিনি খুবই মর্মাহত হয়েছেন। ইসরায়েলও এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে।

এদিকে ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত এলাকা থেকে জীবিতদের উদ্ধারের কাজে নিয়োজিত অপর একটি জাতিসংঘ দলের ওপরও গুলিবর্ষণ করা হয় বলে খবর পাওয়া গেছে।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের আহ্বানে বুধবার রোমে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ১২টিরও বেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে বসেন। জাতিসংঘ মহাসচিব কফি আনান এবং চারটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও বৈঠকে উপস্থিত ছিলেন। কিন্তু জাতিসংঘের চার পর্যবেক্ষক নিহত হওয়ার ঘটনা এই আলোচনায় ছন্দপাত ঘটায়।

বিবিসির কূটনৈতিক প্রতিবেদক জানান, ইতালির প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতারা আশা করছেন বৈঠকে যুদ্ধবিরতির বিষয়টিই প্রাধান্য পাবে। তবে যুদ্ধের মূল কারণ খুঁজে না পাওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন যুদ্ধ বন্ধের জন্য চাপ প্রয়োগ করবে না বলেও জানিয়ে দিয়েছে।

এদিকে বৈঠক চলার সময় দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর রকেট হামলা ও তুমুল গুলিবর্ষণ অব্যাহত ছিল।

এর আগে জাতিসংঘ জানায়, ইসরায়েলি বাহিনী তুমুল সংঘর্ষের পর লেবাননের শহর বিন্ট জবেইল দখল করে নিয়েছে এবং দক্ষিণে ইয়ারুন গ্রামের দিকে ক্রমেই অগ্রসর হচ্ছে। লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের শক্ত ঘাঁটি বলে বিবেচিত দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি হামলার মূহুর্মূহু আওয়াজ শোনা যাচ্ছে।

১২ জুলাই হিজবুল্লাহ গেরিলারা ইসরায়েলের দুই সৈন্যকে আটক করার পর থেকে লেবাননে গত দুই সপ্তাহে সংঘর্ষে ৩৮০ জনেরও বেশি লেবানিজ এবং ৪২ ইসরায়েলি নিহত হয়েছে।

যুদ্ধের ভয়াবহতার মধ্যেই বেশকিছু ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে যুদ্ধবিধ্বস্ত এলাকায়। জর্ডান থেকে একটি সামরিক বিমান বৈরুতে পৌঁছেছে গুরুতর আহতদের সরিয়ে আনার জন্য। ১- ট্রাক ভর্তি খাবার ও চিকিৎসার সরঞ্জামাদি লেবাননের দক্ষিণাঞ্চলের দিকে রওনা হয়েছে।