মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিতে ভূমিকা গ্রহণে ব্লেয়ারের প্রতি আন্তর্জাতিক দাতা সংগঠনগুলোর আহ্বান
আন্তর্জাতিক দাতা এবং মানবাধিকার সংস্থাগুলো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রতি লেবানন সংকট নিরসনে যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আহ্বান জানিয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফাম, সেভ দ্যা চিলড্রেন এবং ক্রিশ্চিয়ান এইডসহ ১৪টি মানবাধিকার সংগঠন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের কাছে খোলা চিঠিতে লেবানন, গাজা এবং ইসরাইলে উদ্ভুত মানবিক বিপর্যয়ের ক্রমাবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনগুলো মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং শান্তি স্থাপনে টনি ব্লেয়ারকে এগিয়ে আসার অনুরোধ জানানোর পাশাপাশি এই ইস্যুতে ব্লেয়ারের ব্যর্থতা মধ্যপ্রাচ্যে আরো রক্ত ঝরাবে বলে আশংকা প্রকাশ করেছে।
মানবাধিকার সংগঠনগুলো ব্লেয়ারের কাছে পাঠানো এই খোলা চিঠিতে আরো জানায়, লেবাননে যুদ্ধবিরতি বিষয়ে টনি ব্লেয়ারের গৃহিত সাম্প্রতিক রাজনৈতিক কৌশল দেশটির নিরীহ জনগণকে রক্ষা করার পরিবর্তে মৃত্যুর দিকে ঠেলে দেবে।
মানবাধিকার সংগঠনগুলো ইসরাইল এবং লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতেও অনুরোধ জানিয়েছে।
দাতা সংস্থাগুলোর খোলা চিঠির প্রতিক্রিয়া জানাতে গিয়ে টনি ব্লেয়ারের মুখপাত্র জানান, ব্লেয়ার মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
লেবাননে ইসরাইলী আগ্রাসন বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের যুদ্ধবিরতি বিষয়ক কোনো উদ্যোগ গ্রহণ না করা এবং বৃটিশ প্রধানমন্ত্রীর বুশের প্রতি সমর্থন যুক্তরাজ্যে ব্লেয়ারকে রাজনৈতিক চাপের মুখে রেখেছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
গত ১২ জুলাই ইসরাইলী হামলার পর থেকে লেবাননে এ পর্যন্ত ৪০০ জন লেবাননি এবং ৪২ জন ইসরাইলী নিহত হয়েছে বলে জানা গেছে।
ব্লেয়ার অবশ্য বলছেন, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন এবং লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি তিনি চান। তবে শর্তসাপেক্ষ এই যুদ্ধবিরতি ইসরাইল এবং হিজবুল্লাহ গেরিলারা মেনে না নিলে লেবানন সংকট নিরসন সম্ভব নয় বলে তিনি মনে করেন।
ব্লেয়ার লেবানন পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বাহিনীর হস্তক্ষেপ মেনে নিতে সম্মত রয়েছেন বলে জানিয়েছেন।
মানবাধিকার সংগঠনগুলো ইতালীর রোমে অনুষ্ঠিতব্য বৈঠকে লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে আলোচনার অনুরোধ জানিয়েছে।
বুধবার ইতালীর রাজধানী রোমে দেশটির শীর্ষ রাজনীতিবিদগণ আরব নেতাদের সাথে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। এই বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব মার্গারেট বেকেট উপস্থিত থাকবেন।
রোম বৈঠকে আরব এবং পাশ্চাত্য নেতৃবৃন্দ দক্ষিণ লেবাননে আন্তর্জাতিক শান্তি রক্ষী বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়ে মতৈক্যে পৌঁছাবেন বলে বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আশাবাদ ব্যক্ত করেন।
