ভারতে পুলিশের গুলিতে মাওবাদী নেতাসহ ৮ জন নিহত
ভারতের অন্ধ প্রদেশ রাজ্যের প্রকাশম জেলার নালামালা গভীর জঙ্গলে নকশাল বাহিনীর বৈঠক চলাকালে সোমবার পুলিশের গুলিতে এক মাওবাদী নেতাসহ আটজন নিহত হয়েছে।
নিহত নেতা মাধব সিপিআই (মাওবাদী) দলের অন্ধ প্রদেশ রাজ্য সম্পাদক। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
প্রকাশম জেলার বারাবায়ালুপেন্তা গ্রামের কাছে নালামালা গভীর জঙ্গলে মাওবাদী দলের সদস্য এবং রাজ্য পুলিশের নকশাল বিরোধী একটি বিশেষ দল গ্রে হাউন্ডের সাথে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
গোপন সংবাদের ভিত্তিতে রাজ্য পুলিশ নালামালা জঙ্গলে অভিযান চালানোর সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়কালে পাঁচজন মহিলাসহ আট নকশালপন্থি নিহত হয়। তবে অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
মাওবাদীদের এ বৈঠকে শীর্ষ পর্যায়ের কিছু নেতাসহ ৩৫ জন নকশাল বাহিনীর সদস্য উপস্থিত ছিল বলে জানা যায়।
