হৃদরোগের ঝুঁকি এড়াতে শিশুদের ব্যায়াম করা দরকার
পরবর্তী জীবনে হৃদরোগের ঝুঁকি থেকে মুক্ত থাকার জন্য শিশুদের দৈনিক নব্বই মিনিট শরীরচর্চা করা দরকার বলে মনে করেন যুক্তরাজ্যের গবেষকগণ।
‘দি লান্সেট মেডিকেল জার্নাল’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষক দল জানিয়েছেন, শিশুদের সুস্বাস্থের জন্য ঘন্টাখানেক শরীরচর্চা যথেষ্ট নয়।
শিশুদের হার্ট ডিজিজ বা হৃদরোগের ঝুঁকি না থাকলেও ধমনীতে চর্বি জমে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়ে পরবর্তীতে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বলে এই শরীরচর্চা প্রয়োজন।
‘ইউরোপীয় হার্ট স্টাডি’ নামের একটি গবেষণা সংস্থা ৯ থেকে ১৫ বছরের মধ্যে ১,৭০০ শিশুর ওপর এক জরিপ পরিচালনা করে উপরোক্ত সিদ্ধান্তে পৌঁছেছে। এই ১,৭০০ শিশুর ব্লাড প্রেশার, ওজন, কোলেস্টেরোল এবং এসব শিশুর কর্মতৎপরতা পর্যবেক্ষণ করে গবেষকগণ এই সিদ্ধান্তে পৌঁছান।
এই গবেষণা সংশ্লিষ্ট জরিপে দেখা গেছে যেসব শিশু কম তৎপর তাদের হৃদরোগের ঝুঁকি বেশী। ৯ বছরের শিশুদের মধ্যে যারা মাঝারি থেকে অধিক তৎপর এবং চটপটে, যারা দৈনিক দুঘন্টা শরীরচর্চা করে এবং ১৫ বছরের শিশু যারা দৈনিক ৯০ মিনিট শরীরচর্চা করে তাদের হৃদরোগের ঝুঁকি সবচেয়ে কম।
ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির ‘মেডিকেল রিসার্চ কাউন্সিল এপিডেমিওলোজি ইউনিট’র চিকিৎসক উলফ ইকলান্ড অপেক্ষাকৃত কম তৎপর শিশুদর ‘কার্ডিওভাসকুলার ডিজিজ’ বা হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অধিক বলে জানান।
