লেবাননে ন্যাটো প্রস্তাবিত বাহিনী প্রেরণের সিদ্ধান্তে সমর্থন দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ও ইসরাইল
লেবাননের পরিস্থিতি সহজ করার জন্য দক্ষিণ লেবাননে নর্থ আটলান্টিক ট্রিটি অরগানাইজেশন (ন্যাটো) ’র নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী প্রেরণের বিষয়টিকে সমর্থন জানাতে প্রস্তুত বলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল রবিবার জানিয়েছে
প্রস্তাবিত এ বাহিনীতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্যদের যোগ না দেওয়ার সম্ভাবনাই বেশি। পাশাপাশি ১০ থেকে ২০ হাজার সদস্য নিয়ে এ বাহিনী গঠিত হতে পারে যার নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে ফ্রান্স বা তুরস্কের সেনাবাহিনীর। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তবে এ বাহিনী কি হিজবুল্লাহকে নিরস্ত্র করবে নাকি দেশের দক্ষিণাঞ্চলকে নিয়ন্ত্রণে আনার জন্য লেবাননের সেনাবাহিনীকে সাহায্য করবে – এরকম কিছু প্রশ্ন দেখা দিয়েছে।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি জন বোলটন জানান যে ন্যাটোর এ ধরনের বাহিনীর নেতৃত্ব দেওয়ার ধারনাকে মার্কিন প্রশাসন গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবে।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী আমির পেরেতজ বলেন যে দক্ষিন লেবাননে আন্তর্জাতিক বাহিনীর মোতায়েনকে সমর্থন জানিয়েছে ইসরাইল। তিনি জেরুজালেমে জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
হিজবুল্লাহের বিরুদ্ধে হামলায় লেবাননের কয়েকশ ব্যাক্তি নিহত এবং হাজার হাজার ব্যক্তি ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার প্রেক্ষিতে ন্যাটো কর্তৃক প্রস্তাবিত এ বিষয়টি নিয়ে এ সপ্তাহে ইতালি ও মধ্যপ্রাচ্যে সফরকালে কন্ডোলিৎসা রাইস আলোচনা করবেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং অন্যান্য নেতারা ইতোমধ্যেই লেবাননে নিযুক্ত জাতিসংঘের ২০০০ জন পর্যবেক্ষকের স্থান গ্রহনের জন্য একটি বাহিনীকে আহ্বান জানিয়েছেন।
প্রস্তাবিত এ বাহিনীতে আরও যেসব দেশ সদস্য পাঠাতে পারে বলে মনে করা হচ্ছে তার মধ্যে রয়েছে ইতালি, পাকিস্তান, ভারত এবং জার্মানি।
শুক্রবার রাইস জানান যে এ বাহিনীর কাঠামো কেমন হবে, এটি কি জাতিসংঘের কোন বাহিনী হবে নাকি আন্তর্জাতিক কোন বাহিনী হবে তা নিয়ে আলোচনা চলছে এবং আগামী কয়েকদিনের মধ্যে এ আলোচনা শেষ হয়ে যাবে বলেও তিনি আশা করছেন।
লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরার উপদেষ্টা মোহাম্মদ ছাতাহ রবিবার বলেন যে বহুজাতিক এ বাহিনীর ইস্যুটা কি হবে তা কোন সমস্যা নয়। তবে তিনি প্রশ্ন করেন যে ইসরাইল যে যুদ্ধ বন্ধ করতে পারছেনা তা বন্ধ করার জন্য এ বাহিনীকে পাঠানো হবে কিনা। তিনি আরও বলেন যে যতক্ষণ পর্যন্ত এসব প্রশ্নের কোন উত্তর পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত ন্যাটো বা জাতিসংঘ যেই বাহিনী প্রেরণ করুক না কেন তা কোন সুফল বয়ে আনবে না।
