২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে, ১ম লিড

ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় জাভা দ্বীপে ভূমিকম্প পরবর্তী সুনামির আঘাতে মৃতের সংখ্যা কমপক্ষে ৫২০ জনে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

মৃতের সংখ্যা বাড়ায় প্রশ্ন উঠেছে, এ দুর্যোগের আগে কেন কোনো সতর্কতা সংকেত জানানো হয়নি।

সরকারি কর্মকর্তারা বলেছেন, তারা সমুদ্রতলে ভূমিকম্পের পর জাভা দ্বীপে সুনামি আঘাত হানতে পারে এমন সংকেত পেলেও দ্রুততার সাথে তা উপকূলীয় অঞ্চলে পাঠানো সম্ভব হয়নি। 

এদিকে বুধবার রাজধানী জাকার্তায় নতুন করে একটি ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

২০০৪ সালের ভয়াবহ সুনামির পর ইন্দোনেশিয়া এখনো ‘ওয়ার্নিং সিস্টেম’ চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভারত মহাসাগরের তলদেশে সোমবার দুপুরে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর পশ্চিম জাভা দ্বীপে সুনামি আঘাত হানে।

সুনামির আঘাতে পর্যটন কেন্দ্র প্যানগাদারানে নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে প্রায় ১১৮ জনের প্রাণহানি ঘটেছে।

এবারের আঘাতে কমপক্ষে ছয় বিদেশি নাগরিক প্রাণ হারায়।

ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ একজন জাপান এবং একজন বেলজিয়ামের নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

সুইডেনের পররাষ্ট্র দপ্তর জানায়, সুনামিতে তাদেরও একজন নাগরিক নিহত হয়েছে। ডাচ কর্তৃপক্ষও একজন ডাচ নাগরিকের মুত্য সংবাদ নিশ্চিত করেছে।

একজন সৌদি নাগরিক জানান, মঙ্গলবার তিনি তার স্ত্রীর মৃতদেহ নিজ দেশে এনেছেন এবং ছেলের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।