২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের হাসপাতালে অচেতন শিশুটির পরিচয় মিলেছে

ভারতের মুম্বাইয়ে বোমা বিস্ফোরণের পর থেকে হাসপাতালের বিছানায় অচেতন পড়ে থাকা নাম-পরিচয়হীন শিশুটির (৮) পরিচয় পাওয়া গেছে। তার নাম রাকেশ। সে নাভি মুম্বাইয়ের নেরুলের বাসিন্দা। এনডিটিভি জানায়, ছেলেটির খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার শোকবিহ্বল পরিবারের লোকজন এসে খুঁজে পেয়েছে তাকে

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

মঙ্গলবার সিরিজ বোমা বিস্ফোরণের পর থেকে পুরো দেশের ভালবাসা এক হয়ে মিলে গিয়েছিল অজ্ঞাত এই শিশুটিকে ঘিরে। সারাদেশের মানুষের ভালবাসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল শিশুটি। পত্র-পত্রিকায় ছবি ছাপা হওয়ার পর অনেকেই ছুটে এসেছিলেন নিখোঁজ স্বজনকে ফিরে পাওয়ার আশায়। ওই বিস্ফোরণে যারা সন্তান হারিয়েছেন, তারা আশায় বুক বেঁধেছিলেন এই শিশুটিই হয়তো তাদের সেই সন্তান। কমলেশ জৈন ও তার স্ত্রী হেমলতা এনডিটিভিতে ছেলেটির ছবি দেখে ছুটে এসেছিলেন হাসপাতালে। বিস্ফোরণের পর থেকে হেমলতার এক আত্মীয়ও নিখোঁজ রয়েছে।

অনেকেই হাসপাতালে এসে সাহায্য করে গেছেন ছেলেটিকে। ছেলেটিকে দত্তকও নিতে চেয়েছিলেন অনেকে।

মুম্বাইয়ের বোরিভালীর ভগবতী হাসপাতালের চিকিৎসক ড. মহেন্দর ওয়াদিওয়ালা বলেছেন, শিশুটির ব্যাপারে তিনি এই কয়দিন অনেক ফোন পেয়েছেন। শুক্রবার সকালেও তিনি ফোন পেয়েছেন অনেকের কাছ থেকে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে ফোন করে ছেলেটির বিষয়ে জানতে চাওয়া হয়েছে। একজন ছেলেটির চিকিৎসার সব ব্যয়ভার নেওয়ার পাশাপাশি তাকে দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। 

চিকিৎসকরা জানিয়েছেন, বিস্ফোরণে ছেলেটির মাথার বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। তার সুস্থ হওয়ার প্রক্রিয়া খুবই ধীরগতিতে চলছে। সিটি স্ক্যানের রিপোর্টে তার মস্তিষ্কের জটিলতা ধরা পড়লেও সে এখন অনেকটাই সুস্থ আছে।