নিশ্চিন্তে ঘুমান -- যদি আপনি ধনী হোন
সম্পদশালী শ্বেতাঙ্গী নারীরা অন্য অনেকের চেয়ে নিশ্চিন্তে ঘুমায়, মার্কিন এক গবেষণা থেকে সম্প্রতি এ তথ্য পাওয়া গিয়েছে।
শিকাগো ইউনিভার্সিটির একদল গবেষক ৩৮ থেকে ৫০ বছরের মধ্যে বয়স এমন ৬৬৯ জনের ওপর এক জরিপ চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ধনী নারী ও পুরুষেরা দরিদ্র নারী ও পুরুষের তুলনায় বেশীক্ষণ ঘুমায়।
এই জরিপে অংশগ্রহণকারীরা কখন ঘুমাতে গেলেন এবং কখন ঘুম থেকে জেগে উঠলেন তা সবিস্তারে লিখে রাখতেন। ঘুমাতে যাওয়ার সময় তারা বিশেষ একধরনের যন্ত্র পরিধান করতেন যার মাধ্যমে ঠিক কখন তারা ঘুমালেন এবং ঠিক কখন আবার জেগে উঠলেন তা সময়সহ রেকর্ড করা হতো।
এই গবেষণায় দেখা গেছে যাদের আয় বছরে ১ লাখ ডলারের অধিক তারা যাদের আয় বছরে ১৬ হাজার ডলারের কম তাদের চেয়ে দ্রুত এবং গভীর ঘুম ঘুমাচ্ছেন।
‘আমেরিকান জার্নাল অব এপিডেমিওলোজি’ তে প্রকাশিত এই গবেষণাধর্মী প্রতিবেদনে আরো দেখা গেছে শ্বেতাঙ্গ নারীরা প্রতিরাতে গড়পরতা ৬.৭ ঘন্টা ঘুমায়, শ্বেতাঙ্গ পুরুষেরা ঘুমায় ৬.০৯ ঘন্টা । অন্যদিকে, কৃষ্ণাঙ্গ পুরুষ এবং নারীরা তুলনামূলকভাবে কম ঘুমায়।
