২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন আইনের প্রতিবাদে মিশরীয় দৈনিকগুলোর বিক্ষোভ প্রদর্শন

মিশরে ২৪ টিরও অধিক দৈনিক পত্রিকা প্রকাশনা সংক্রান্ত একটি নতুন আইনের প্রতিবাদস্বরূপ রবিবার তাদের পত্রিকা প্রকাশ বন্ধ রেখেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2006, 11:50 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

এই নতুন আইনটি রাষ্ট্রীয় পর্যায়ে সংঘটিত দুর্নীতির ওপর তদন্ত পরিচালনায় পত্রিকাগুলোকে বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন এসব পত্রিকার সম্পাদক এবং সাংবাদিকরা।

এসব পত্রিকার সম্পাদক এবং সাংবাদিকরা পত্রিকা প্রকাশ থেকে বিরত থাকার পাশাপাশি সেদেশের সংসদভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

দুই বছর আগে মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক জানিয়েছিলেন সংবাদ মাধ্যমগুলোর সাথে সংশ্লিষ্টদের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সে কারনে তাদের পরিচালিত যে কোনো তদন্ত এবং কার্যক্রমের জন্য তাদের শাস্তি রহিত করা হবে।

এদিকে গত সপ্তাহে মিশরীয় সরকার যে খসড়া আইনটি লিপিবদ্ধ করেছে তাতে বলা হয়েছে কোনো ব্যক্তির উপার্জন এবং অর্থনৈতিক সততা নিয়ে প্রশ্ন করা এবং তদন্ত করা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।

মিশরের ক্ষমতাসীন সরকারের সংসদ সদস্যরা মনে করেন সাংবাদিক এবং প্রেস সাংসদদের এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত বিষয়ে যাতে অনুসন্ধান চালাতে না পারে সে কারনে তাদের অধিকার এবং স্বাধীনতা সীমাবদ্ধ হওয়া দরকার।

গত দুবছর ধরে মিশরীয় প্রেস দেশটির প্রেসিডেন্ট এবং উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাদের আয়, অর্থনৈতিক অবস্থা এবং তাদের কর্মকান্ডের সরাসরি সমালোচনা করে আসছিল।

তবে এই নতুন আইনের মাধ্যমে তাদের মতামত প্রকাশের স্বাধীনতাকে অনেকাংশে খর্ব করা হবে বলে  মনে করছেন সাংবাদিকরা।