চীন-ভারতের মাঝে ঐতিহাসিক ‘নাথু লা’ রুট পুনরায় চালু
চীন এবং ভারত দীর্ঘ ৪৪ বছর পর বৃহস্পতিবার নাথু লা নামের ঐতিহাসিক বাণিজ্য রুট পুনরায় চালু করতে যাচ্ছে। ১৯৬২ সালে চীন এবং ভারতের মধ্যে যুদ্ধের সূচনা হলে এই রুটটি বন্ধ করে দেওয়া হয়।
নাথু লা নামের হিমালয়ের এই গিরিপথটি প্রাচীন সিল্ক রোডের অংশ ছিল যা সমুদ্র পৃষ্ঠ থেকে ৪০০০ মিটার (১৪,০০০ ফুট) উচ্চতায় অবস্থিত।
উদ্ধোধনী অনুষ্ঠানটি ভারতের সিকিম রাজ্য এবং চীনের তিব্বতের সীমান্তে অবস্থিত শহর য়ুয়িন্ডসয়োপ্টে অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
পূর্ব চীনের সাথে তিব্বতের প্রথম রেল সার্ভিস শুরুর কয়েকদিনের মধ্যে চীন এবং ভারতের মধ্যে বাণিজ্যিক লেনদেনে এই রুটটি চালু হতে যাচ্ছে।
ভারতে চীনের রাষ্ট্রদূত, সিকিম এবং তিব্বতের স্থানীয় কর্মকর্তারা এই রুটটি উদ্বোধন করবেন।
৪৪ বছর বন্ধ থাকার পর চীনের সাথে ভারতের যোগাযোগের স্থল পথ নাথু লা খুলে দেয়াটা চীন এবং ভারতের মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
চীনের নাথুলার এই রুট দিয়ে ভারতের সাথে বাণিজ্যিক লেনদেনের সিদ্ধান্তকে ভারত সিকিমকে ভারতের অংশ হিসেবে মেনে নেয়ার বিষয়ে চীনের নমনীয় মনোভাব বলে মনে করছে।
স্থানীয় ব্যবসায়ীরা এই রুটটি পুনরায় খুলে দেওয়ার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। নাথু লা খুলে দেওয়াতে এ দুটো দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হয়ে উঠবে বলে তাদের ধারনা।
তবে সংবাদ প্রতিনিধিরা মনে করছেন দুটো দেশের সম্পর্ক উন্নয়নের প্রতীক হিসেবে নাথুলা খুলে দেয়া হয়েছে।
অর্থনৈতিক উন্নয়নের চেয়ে চীন এবং ভারত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে এই রুটটি খুলে দিচ্ছে বলে মনে করছেন অনেকে।
ভারত এই পথে চীন থেকে ভেড়ার চামড়া, ইয়কের লেজ, ‘র’ সিল্কসহ ১৫ ধরনের দ্রব্যসামগ্রী আমদানী করতে পারবে। অন্যদিকে চীন চাল, মশলা এবং চা সহ ২৯ ধরনের দ্রব্যসামগ্রী ভারত থেকে আমদানী করতে পারবে।
সিকিমের একজন শিল্পপতি সামান প্রাসাদ সুবা জানান চীন এবং ভারতের মধ্যে সপ্তাহে চারদিন বাণিজ্যিক লেনদেন চলবে।
