২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস

মেক্সিকোতে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গণনায় প্রধান দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 12:54 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

বর্তমান প্রেসিডেন্ট ভিসেন্টে ফক্স এর উত্তরাধীকারী হিসেবে বামদলীয় প্রার্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর এবং রক্ষণশীল দলের ফেলিপ ক্যালডেরন-এর মধ্যে যে কেউই খুব অল্প ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এবারের নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটও পড়েছে প্রচুর। সাত কোটি ভোটারের অধিকাংশই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এই নির্বাচনে প্রথমবারের মতো দেশের বাইরে থাকা মেক্সিকান ভোটাররা ইন্টারনেটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

প্রধান দুই প্রার্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ এবং ফেলিপ ক্যালডেরন তাদের দীর্ঘ নির্বাচনী প্রচারণায় একে অন্যের বিরুদ্ধে অনেক কাদা ছোঁড়াছুঁড়ি করেছেন। তবে উভয় প্রার্থীই তাদের প্রচারণায় দেশের অর্থনৈতিক উন্ন্য়ন এবং চাকুরীর সুযোগ সৃষ্টির দিকে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি দেশের কংগ্রেস নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনেও ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার কারণে কোনো নির্দিষ্ট দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হবে না বলে ধারণা করা হচ্ছে।  ফলে কোনো আইন পাস করতে নতুন প্রেসিডেন্টকে বিদায়ী প্রেসিডেন্ট  ভিসেন্টে ফক্স-  এর মতোই অনেক বাধার সম্মুখীন হতে হবে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা  মনে করছেন।

মেক্সিকো সিটি’র প্রাক্তন মেয়র বামদলীয় প্রার্থী লোপেজ দেশের দরিদ্র মানুষদের মধ্যে বেশ জনপ্রিয়। তিনি তার নির্বাচনী প্রচারণায় জনগণের উন্ন্য়নের স্বার্থে ব্যাপক কর্মসূচীর কথা ঘোষণা করেছেন।

লোপেজের প্রধান প্রতিদ্বন্দ্বী ও রক্ষণশীল দলের প্রাক্তন মন্ত্রী ক্যালডেরন তার নির্বাচনী প্রচারণায় বিশ্বের অগ্রসরমান অর্থনীতির সাথে তাল মিলিয়ে চলতে মেক্সিকোতে আরো বেশী বিদেশী বিনিয়োগের প্রতি অধিক গুরুত্ব আরোপ করেছেন।

মেক্সিকোকে ৭১ বছর ধরে শাসনকারী ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল ইনস্টিটিউশনাল রেভ্যলুশনারি- এর প্রার্থী রবের্টো মাদরাজো এবারের নির্বাচনে বেশ পিছিয়ে রয়েছেন।

অপর দুই প্রার্থী হলেন সোশ্যাল ডেমোক্র্যাট দলের প্যাট্রিসিয়া মারকাডো এবং নিউ এ্যালায়েন্স দলের রবার্টো কাম্পা।