২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় সেনাবাহিনীতে অধিক সংখ্যক নারীর যোগদান প্রয়োজন: প্রতিরক্ষামন্ত্রী

লেফটেন্যান্ট সুস্মিতা চক্রবর্তীর আত্মহত্যার তিনদিন পর সেনাবাহিনীতে আরো বেশী সংখ্যক নারীর যোগদান করা উচিত বলে মনে করছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2006, 10:42 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ভারতের প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখার্জি সেনাবাহিনীতে নারীদের যোগদানকে উৎসাহিত করে বলেছেন মেয়েরা কাজ বেশ ভালো করে। বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হলেও তা সমাধান সম্ভব।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মহিলা আর্মি অফিসারদের মানসিক চাপ সহ্য করার উপযুক্ত করে গড়ে তুলতে বিশেষ কাউন্সিলিং-এর ব্যবস্থা করা হবে বলেও তিনি সাংবাদিকদের জানান।

এদিকে, মহিলাদের সেনাবাহিনীতে নিয়োগ দানকে কেন্দ্র করে ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস পাট্টাভিরামনের মন্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি নেতা সুসমা সরাজ   

পাট্টাভিরামনকে অবিলম্বে বরখাস্ত করার দাবী জানিয়েছেন।

লেফটেনেন্টে জেনারেল পাট্টাভিরামন এক সাক্ষাতকারে বলেছিলেন, “ইউনিট পর্যায়ে আমাদের আসলে পুরুষ অফিসার দরকার, নারী অফিসার নয়।”

গত ১৫ জুন জম্মু ও কাশ্মীর জেলার উধামপুরে সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড হেডকোয়ার্টারে লেফটেন্যান্ট সুস্মিতা চক্রবর্তী  নিরাপত্তা রক্ষীর কাছ থেকে রাইফেল নিয়ে আত্মহত্যা করলে সেনাবাহিনীতে নারীদের যোগদান, এখানকার পরিবেশের সাথে নারীর মানিয়ে চলার ক্ষমতা নিয়ে তীব্র মতপার্থক্য দেখা দেয়।

সুস্মিতা চক্রবর্তী মৃত্যুর আগে মৃত্যুর কারন সংক্রান্ত কোনো নোট রেখে না যাওয়াতে তার মৃত্যুকে ঘিরে সন্দেহ দানা বেঁধে উঠেছে।