প্রথমবারের মতো বৈঠকে মিলিত হলেন নেপালের প্রধানমন্ত্রী এবং মাওবাদী নেতা
নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রাসাদ কৈরালার সাথে মাওবাদী গেরিলা নেতা পুষ্প কমল দাহাল রাজধানী কাঠমান্ডুতে প্রথমবারের মতো এক বৈঠকে মিলিত হয়েছেন।
এপ্রিলে নেপাল সরকার এবং মাওবাদীদের মধ্যে শুরু হওয়া শান্তি প্রক্রিয়ার ধারাবাহিকতার অংশ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী এবং মাওবাদী নেতা এই বৈঠকে মিলিত হলেন বলে জানিয়েছে বিভিন্ন বার্তা সংস্থা।
নেপালে একটি নতুন সংবিধান রচনায় গণপরিষদের সদস্য নির্বাচনে মতৈক্যে পৌঁছাতে তারা এই আলোচনার আয়োজন করেন।
প্রচন্ড’ নামে খ্যাত মাওবাদীদের এই নেতা কড়া নিরাপত্তা পরিবেষ্টিত হয়ে কয়েকদশকের মধ্যে এই প্রথম রাজধানী কাঠমান্ডু সফরে আসেন।
রাজতন্ত্রের বিরুদ্ধে তীব্র গণবিক্ষোভের মুখে নেপালের রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর থেকে দেশটির সরকারের সাথে বিদ্রোহীদের শান্তি স্থাপনের প্রচেষ্টার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
নেপালে গিরিজা প্রসাদ কৈরালার অন্তবর্তীকালীন সরকার মাওবাদীদের সাথে যুদ্ধবিরতির লক্ষ্যে ইতোমধ্যে কারাগারে আটক গেরিলাদের মুক্তি, তাদের বিরুদ্ধে আনীত সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ তুলে নেয়াসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
তবে নেপালে রাজতন্ত্রের ভবিষ্যত কী হবে তা নিয়ে উভয়পক্ষের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে বলে জানা যায়।
নেপালে ১০ বছর ধরে চলা মাওবাদী বিদ্রোহে প্রায় ১৩ হাজার বেসামরিক লোক নিহত হয়েছে।
