শ্রীলংকায় বাস বিস্ফোরণে নিহত ৫৮, আহত ৪৫
উত্তর-পূর্ব শ্রীলংকায় বৃহস্পতিবার এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৫৮ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ একথা জানায়।
শ্রীলংকার ২০০ কিমি উত্তরে অনুরাধাপুর জেলায় রাস্তায় পুঁতে রাখা মাইনের সাথে ধাক্কায় বাসটি বিস্ফোরিত হয়ে পাশের ২৫ মিটার নীচে খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
শ্রীলংকান সেনাবাহিনীর একজন মুখপাত্র ব্রিগেডিয়ার প্রাসাদ সামারাসিংহে বাসটিতে শিশু, নারী এবং পাদ্রীরা ছিল বলে জানিয়েছেন।
এদিকে সরকারের একজন মুখপাত্র এই বিস্ফোরণের জন্য বিচ্ছিন্নতাবাদী তামিল গেরিলাদের দায়ী করেছেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানানো হয়েছে।
২০০২ সালে তামিল বিদ্রোহীদের সাথে শ্রীলংকার সরকারের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর দেশটির সাধারণ নাগরিকদের ওপর এটাই প্রথম সবচেয়ে বড় ধরনের হামলা।
শ্রীলংকার বিদ্রোহী কোনো দল এ পর্যন্ত এই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি।
তবে পূর্বেও এ রকম হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছিল দেশটির সরকার।
এদিকে এপ্রিল থেকে তামিল টাইগারদের সাথে শ্রীলংকান সরকারের সবধরনের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেলে দেশটিতে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ে।
এ মাসের শুরুতে নরওয়ের মধ্যস্থতায় ওসলোতে শ্রীলংকার সরকার এবং তামিলদের মধ্যে আয়োজিত বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।
বিদ্রোহী তামিল দল ‘লিবারেশন অব তামিল টাইগার ইলম (এলটিটিই)’ শ্রীলংকার তামিল অধ্যুষিত উত্তর-পূর্ব অঞ্চলের স্বায়ত্তশাসনের দাবীতে প্রায় দুই দশক ধরে আন্দোলন চালিয়ে আসছে। এই আন্দোলনের জের হিসেবে এ যাবৎ প্রাণ হারিয়েছে দেশটির প্রায় ৬০ হাজার লোক।
