শ্রীলংকায় ৪০,০০০ হাজার শিশু পতিতাবৃত্তির সাথে জড়িত
শ্রীলংকার জাতীয় শিশু রক্ষা সংস্থা জানিয়েছে সে দেশে ৪০ হাজার শিশু পতিতাবৃত্তি এবং ১ লাখের অধিক শিশু গৃহ পরিচারিকার কাজে নিয়োজিত।
শ্রীলংকার শিশুদের ওপর ইউনিসেফ এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)- এর একটি পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদনে প্রকাশিত তথ্যের প্রেক্ষিতে এই খবর জানা যায়।
এদের মধ্যে ৫ হাজার থেকে ৩০ হাজার কিশোর পশ্চিমা পর্যটকদের যৌন নির্যাতনের শিকার হয়। এছাড়া, শ্রীলংকার গ্রামাঞ্চলের ১০ থেকে ১২ হাজার শিশু পাচারকারীদের সংঘবদ্ধ চক্রের হাতে পড়ে শহরে আসতে এবং পতিতাবৃত্তিতে লিপ্ত হতে বাধ্য হয় বলে ইউনিসেফের এই প্রতিবেদনে বলা হয়েছে।
জাতীয় শিশু রক্ষা সংস্থার চেয়ারপার্সন পদ্মিনী ওয়েটাহআওয়া জানান, শ্রীলংকার শিশুরা চরম সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে।
শিশু পাচার এবং পতিতাবৃত্তিতে বাধ্য করার পাশাপাশি ইদানিং এসব শিশুদের শ্রীলংকার বিচ্ছিন্নতাবাদী গেরিলা সংগঠন লিবারেশন অব তামিল টাইগারস ইলম(এলটিটিই)-র সেনাবাহিনীতে জোরপূর্বক ভর্তি করা হচ্ছে যা শিশু নির্যাতনের চিত্রকে আরো ভয়াবহ করে তুলছে।
এদিকে শ্রীলংকান সরকার আইএলও-এর মানবাধিকার বিষযক আটটি ধারা যার মধ্যে শিশু অধিকার সংক্রান্ত দুটো ধারা আছে তার প্রতি পূর্ণ অনুমোদন জানিয়ে প্রায় ৩৫ হাজার শিশুর কর্মসংস্থানের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে এই প্রতিবেদনে বলা হয়।
