২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামো বে বন্দীশিবিরে এই প্রথম ৩ কয়েদীর আত্মহত্যা

কিউবার মার্কিন বন্দী ঘাঁটি গুয়ান্তানামো বে কারাগারে তিনজন বন্দী আত্মহত্যা করেছে। মৃত তিন কয়েদীর মধ্যে দু’জন সৌদি আরবের এবং অন্যজন ইয়েমেনের নাগরিক।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 10:28 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

তারা তাদের সেলেই আত্মহত্যা করেছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

শিবির কমান্ডার রিয়ার এ্যাডমিরাল হ্যারি হ্যারিস জানান, এই তিনজন বন্দী তাদের কাপড় এবং বিছানার চাদর গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, গুয়ান্তানামো শিবিরে এই প্রথম পরিকল্পিতভাবে তিনজন বন্দী আত্মহত্যা করলো। মানবাধিকার সংস্থাগুলো বলছে, হতাশা থেকেই এসব বন্দী আত্মহত্যা করেছে। তবে কতৃপক্ষ বলছেন যে এই আত্মহত্যার মধ্যে দিয়ে বন্দীরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

গুয়ান্তানামো বে শিবিরে ৪৬০ জন কয়েদী সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আটক রয়েছে।

চার বছর আগে এই শিবিরটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই কয়েক ডজন কয়েদী আত্মহত্যা চেষ্টা করলেও তারা সফল হয়নি।

শিবিরের কর্মকর্তারা জানান, শনিবার সকালে নিরাপত্তা রক্ষীরা এই বন্দীদের সেলের ভিতর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।

মৃত বন্দীরা কঠোর নিরাপত্তার মধ্যে কারাগারের পৃথক পৃথক সেলে বন্দী ছিল।

এই আত্মহত্যার ব্যাপারে সেনাবাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।