নাইজেরিয়াতে দক্ষিণ কোরিয়ার ৫ তেল কর্মী অপহৃত
নাইজেরিয়ার ডেল্টা অঞ্চলে অবস্থিত একটি তেলের খনিতে কর্মরত দক্ষিণ কোরিয়ার পাঁচজন নাগরিককে জঙ্গিরা অপহরণ করেছে। নাইজেরিয়ার কর্মকর্তারা বুধবার একথা জানান।
এদের মধ্যে, দক্ষিণ কোরিয়ার ইঞ্জিয়ারিং ফার্ম দাইয়ুরে কাজ করেন তিনজন এবং কোরিয়া গ্যাস কর্পোরেশন দু’জন । খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এর আগে, অপহরণকারীরা রোববার আটজন বিদেশীকে অপহরণের দু’দিন পরে মুক্তি দিয়েছে।
আইন-শৃঙ্খলাহীন নাইজেরিয়ার তেল সমৃদ্ধ ডেল্টা অঞ্চলে অপহরণ এবং তেলের খনিগুলোতে সশস্ত্র বাহিনীর হামলা বর্তমানে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এই অঞ্চলের সশস্ত্র যোদ্ধারা দাবি করেছে যে, স্থানীয়দের মধ্যে তেল সম্পদের সমবন্টনের অভাবে এমনটা ঘটছে।
নাইজেরিয়ার পররাষ্ট্র দপ্তর জানায়, নাইজেরিয়ার হারকোর্ট বন্দরে বুধবার মধ্যরাতে সর্বশেষ এই অপহরণের ঘটনা ঘটে।
