জাপানকে ক্ষেপণাস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তকে পেন্টাগনের সমর্থন
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪৫৮ মিলিয়ন ডলারের এক চুক্তির মাধ্যমে নয়টি ‘ইন্টারসেপ্টর’ ক্ষেপণাস্ত্র জাপানের কাছে বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তকে সমর্থন করেছে।
তবে ক্ষেপণাস্ত্র বিক্রয়ের ব্যাপারে মার্কিন কংগ্রেস এখনও তাদের সিদ্ধান্ত না নিলেও পেন্টাগনের সমর্থনের কারণে মার্কিন কংগ্রেস ক্ষেপণাস্ত্রগুলো বিক্রয়ের ক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পেন্টাগন তাদের বক্তব্যে জানিয়েছে, এই বিক্রয়ের ফলে পৃথিবীর সামরিক শক্তির ক্ষেত্রে বড় রকমের কোন প্রভাব ফেলবে না কেননা এটি শুধু জাপানের সামরিক প্রতিরক্ষা শক্তিকেই বৃদ্ধি করবে।
জাপান এই ক্ষেপণাস্ত্রগুলো তাদের নৌ-বহরে ব্যবহার করবে। জাপানের ‘প্যাট্রিয়ট প্যাক-থ্রি’ ক্ষেপণাস্ত্র ও নতুন এই ‘এসএম-থ্রি’ ক্ষেপণাস্ত্রগুলো জাপানের মূল ভূ-খন্ড রক্ষার্থে ব্যবহার করা হবে বলে জাপানি প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সূত্র জানিয়েছে।
এদিকে জাপানের মন্ত্রীরা জানিয়েছে, উত্তর কোরিয়া মার্কিন ভূ-খন্ডে আঘাতের ক্ষমতাসম্পন্ন দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।
স্যাটেলাইটের মাধ্যমে উত্তর কোরিয়ার পূর্ব সাগর তীরবর্তী ‘মোসুদান রি’ অঞ্চলে সামরিক যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় তথ্য পাবার পর জাপান এই আশংকার কথা জানিয়েছে।
উত্তর কোরিয়া প্রথমবারের মত সাড়ে তিনহাজার থেকে ছয় হাজার কিলোমিটার দূরপাল্লার ক্ষমতাসম্পন্ন তেপোডং-২ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে। তবে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসো কোরিয়ার এই সম্ভাব্য ক্ষেপনাস্ত্র পরীক্ষার বিষয়ে তার সন্দেহ প্রকাশ করেছেন।
ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়া ১০ হাজার কিলোমিটার ক্ষমতাবিশিষ্ট আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মত দূর মহাদেশও উত্তর কোরিয়ার আক্রমণ ক্ষমতার আওতায় চলে আসবে।
১৯৯৮ সালের আগস্ট মাসে উত্তর কোরিয়া জাপানের উপর দিয়ে প্রশান্ত মহাসাগরের মধ্যে তেপোডং-১ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। পরে উত্তর কোরিয়া দাবি করে যে, তারা মূলত: একটি স্যাটেলাইট উৎক্ষেপন করেছে।
এঘটনার প্রেক্ষিতে জাপান তার জাতীয় নিরাপত্তার সার্থে ১৯৯৯ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়ে উন্নত ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চালিয়ে আসছে।
এই প্রচেষ্টার অংশ হিসেবে জাপান সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গবেষণার মাধ্যমে নতুন একটি ‘ইন্টারসেপ্টর’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
