২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিতে ছাত্র-পুলিশ সংঘর্ষ : এক সপ্তাহে গ্রেফতার ১৬০

শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে চিলির রাজধানী সানতিয়াগোতে ছাত্রদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 10:02 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

এক সপ্তাহে দ্বিতীয়বারের মত দেশব্যাপী এ বিক্ষোভে প্রায় ১৬০ জন মাধ্যমিক স্কুল ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

ছাত্রদের বিভিন্ন দাবীর মধ্যে ছিল স্কুলের ফান্ড বাড়ানো, ছাত্রদের জন্য বিনা ভাড়ায় যাতায়াত ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফি মওকুফ করা ইত্যাদি। পাশাপাশি তারা শিক্ষাব্যবস্থায় এমন এক ধরনের পরিবর্তন চায় যাতে সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষাব্যবস্থার বৈষম্য দূর করা সম্ভব।

চিলি সরকার স্কুলের ফান্ড বাড়ানো ও কিছু ছাত্রের বিনা ভাড়ায় যাতায়াত ব্যবস্থার দাবী মেনে নেওয়ার পরও এ আন্দোলন চালিয়ে যাওয়ার কোন অর্থ হয় না বলে জানিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এদিকে ছাত্ররা বলছে যে সরকার ফান্ড বাড়ানোর অঙ্গীকার করলেও সকল ছাত্রের জন্য বিনা ভাড়ায় যাতায়াত ব্যবস্থার মত তাদের কিছু মূল দাবী মেনে নেয়নি।

গত সপ্তাহে দু’বার অনুষ্ঠিত এ বিক্ষোভে প্রথম পর্যায়ে পাঁচ লাখেরও বেশি ছাত্র অংশগ্রহণ করলেও সোমবার এতে দশ লাখেরও বেশি বিক্ষোভকারী ছিল।

মাধ্যমিক স্কুলের ছাত্রদের এ আন্দোলনের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ইউনিয়নগুলোও একাত্মতা ঘোষণা করেছে।

এদিকে নেতারা শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিলেও বিক্ষোভ চলাকালে বেশ কিছু বিক্ষোভকারী দোকানপাট লুট করলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করতে বাধ্য হয়।

দাঙ্গা পুলিশ ছাত্রদের সাথে সংঘর্ষে লিপ্ত হলে এবং ছাত্রদের গ্রেফতার করলে এই সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।