২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার ভূমিকম্প কবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো হচ্ছে : জাতিসংঘ

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের ইয়োগাকার্তাসহ ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে জাতিসংঘ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2006, 01:45 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

তবে ত্রাণ বিতরণে সেখানে চরম সমন্বয়হীনতা দেখা দিয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

ইন্দোনেশিয়ার মধ্য জাভা এবং ইয়োগাকার্তায় গত শনিবার ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ৬,২০০ লোক প্রাণ হারিয়েছে এবং ৪৬,০০০ এর অধিক লোক আহত হয়েছে।

জাতিসংঘের জরুরী ভিত্তিক ত্রাণ সরবরাহের প্রধান চার্লি হিগিনস বলেন, ত্রাণ সরবরাহ পর্যাপ্ত হলেও ত্রাণবহনকারী বিমান ইয়োগাকার্তার বিমানবন্দরের রানওয়েতে কম জায়গার কারনে যথাসময়ে অবতরণ করতে পারছে না। এছাড়া,  প্রত্যন্ত এলাকায় সরু রাস্তা এবং যানজটের কারণে ত্রাণ পৌঁছাতে দেরী হচ্ছে বলে তিনি জানান।

এদিকে ভূমিকম্পে মারাত্মক আহতদের হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না এবং যথাযথ চিকিৎসা সুবিধার অভাবে কারো কারো আহত স্থানে সংক্রমণের ঝুঁকি দেখা দিয়েছে। এছাড়া দূর্গত এলাকায় বিভিন্ন রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জর্জ পিটারসন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভূমিকম্প বিধ্বস্ত এসব এলাকায় মহামারী বিস্তার রোধে মহামারী বিশেষজ্ঞ পাঠাচ্ছে।

ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত এসব এলাকার গৃহহীন মানুষ এখনও খোলা আকাশের নীচে বাস করতে বাধ্য হচ্ছে।

পিটারসন কয়েকদিনে মৃত ব্যক্তিদের বেশীর ভাগ বৃদ্ধ ও বয়স্ক লোক বলে জানিয়েছেন যারা আহত হওয়ার পর যথাযত চিকিৎসার অভাবে ক্ষতস্থানের সংক্রমণজনিত অসুস্থতার কারনে মারা যান।