দিলির পূর্বপ্রান্তে বিদ্রোহ দমনে কিউই বাহিনী মোতায়েন
তিমুরের রাজধানী দিলির পূর্বপ্রান্তে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রশমনে এবার নিউজিল্যান্ড সরকার সৈন্য পাঠিয়েছে।
১২০ জনের নতুন একটি দল দিলিতে পৌঁছায়। এর চারদিন আগে তিমুরে নিউজিল্যান্ড দূতাবাসের নিরাপত্তা রক্ষায় একটি সেনা দল পাঠিয়েছিল নিউজিল্যান্ড সরকার।
উইং কমান্ডার ক্রেগ বাশার জানিয়েছেন কিউই সেনাদল দিলির পূর্ব প্রান্তে অস্ট্রেলিয় সৈন্যদের স্থলাভিষিক্ত হবে। সম্প্রতি এ অঞ্চলে বিদ্রোহ মারাত্মক আকার ধারণ করেছে বলে তিনি জানান।
এদিকে তিমুরের রাষ্ট্রপতি জানানা গুজামাও দিলির রাস্তায় নেমে এসে সৈন্যদের আনুগত্য ও জনপ্রিয়তা ফিরিয়ে আনার চেষ্টা করেন। তিনি পলিশ সদরদপ্তরে এসে ষাটজন পুলিশ কর্মকর্তার কাছে দেশের স্বার্থে গোষ্ঠীগত দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানান।
গেল সপ্তাহে জাতিসংঘ বাহিনীর হস্তক্ষেপ স্বত্ত্বেও দিলিতে বিপক্ষের সেনাসদস্যদের গুলিতে ১২ জন পুলিশ কর্মকর্তা প্রাণ হারান। দু’দিন আগে গুজামাও দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করেন এবং পুলিশ এবং সেনাসদস্যদের মধ্যে বিরোধের জন্য সকল দায়দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।
