২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়া ভূমিকম্প: হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ, মৃতের সংখ্যা ৬,০০০ এর উপরে

জাভায় ভূমিকম্পের পাঁচদিন পরে মৃতের সংখ্যা ৬,২০০ ছাড়িয়ে গেছে। হাসপাতাল এবং ক্লিনিকগুলো রোগী এবং নিরাশ্রয় মানুষে পরিপূর্ণ হয়ে গেছে। বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 11:48 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

জাতিসংঘ জানিয়েছে, ইন্দোনেশিয়ার প্রাচীন রাজধানী ইয়োগোকার্টার কাছে রিখাটার স্কেলে ৬.৩ মাত্রার ভূমিকম্পে এক লক্ষ পাঁচ হাজার ঘর-বাড়ি এবং ২৬৯ স্কুল ধ্বংস হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ভূমিকম্পে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২৩৪ জন।

জাতিসংঘের মানবাধিকার সমন্বয় বিষয়ক মন্ত্রণালয় এক বিবরণে বলেন, কমপক্ষে ২২,০০০ মানুষ স্থানীয় হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র এবং ভ্রাম্যমান ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

সুস্থ হওযার পরও লোকজন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র এবং হাসপাতালে ছাড়তে চাইছে না। কারণ, তাদের থাকার মত কোন বাড়ি নেই।

কর্মকর্তারা জানিয়েছেন, অনেক সুস্থ মানুষ যাদের চিকিৎসার প্রয়োজন নেই তারাও হাসপাতালে আসছে খাদ্য, সুপেয় পানি এবং আশ্রয়ের অভাবে।

স্বাস্থ্যমন্ত্রী সিটি ফাডিল্লাহ সুপারী জানান, ভূমিকম্প এলাকার হাসপাতালগুলোতে অনেক বেশি রোগী হওয়ার জন্য সরকার তাদেরকে দ্রুত অন্য শহরে সরিয়ে নিতে বলেছে।

শনিবার ভোরের ভূমিকম্পে সমগ্র জাভা মাটির সাথে মিশে গেছে, এখানকার বাড়ি-ঘর, গাছ-পালা, ঘড়ের টালি এবং টিন সব মাটির উপর পূঞ্জীভূত হয়ে আছে।

ভূমিকম্পের ফলে কয়েকশো কিলোমিটার এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গত এলাকায় পৌঁছানো কষ্টকর হয়ে পড়েছে।