ফিলিস্তিনের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে জাতিসংঘ
ফিলিস্তিনের মানবিক সংকট নিরসনের জন্য ২০০৬ সালের বাজেটে দাতাদের কাছে ৩৮৫ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে জাতিসংঘ।
হামাস সরকারের বিরুদ্ধাচারণ এবং ফিলিস্তিনের উপর ইসরাইলের নিষেধাজ্ঞা আরোপ করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশ, শিক্ষক এবং ডাক্তার সহ প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনিকে বেতনের জন্য সরকারের উপর নির্ভর করতে হলেও মার্চ মাস থেকে এখন পর্যন্ত ফিলিস্তিন সরকার কর্মচারীদের বেতন দিতে পারেনি বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
এদিকে দীর্ঘদিন বেতন না পাওয়ায় বেশ কিছু ফিলিস্তিনিকে তাদের দৈনন্দিন জিনিসপত্র বিক্রি করতে হচ্ছে। আর এসব কারণেই জাতিসংঘ এ আবেদন জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক ডেভিড শেরার বলেন, আন্তর্জাতিক সংস্থার কাছে তারা যে সাহায়্যের আবেদন জানিয়েছেন তাতে করে ফিলিস্তিনের আর্থিক অবস্থার খুব বেশি উন্নতি আশা করা ঠিক নয়। তবে তাদের আর মানবেতর জীবন যাপন করতে হবে না।
এদিকে ফিলিস্তিনিদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের কারণে সহিংসতা বেড়ে যেতে পারে বলে সরকারি কর্মকর্তারা আশংকা করছেন।
