পূর্ব তিমুরের চরম বিশৃঙ্খলা নিয়ন্ত্রনে করতে নিউজিল্যান্ডের শান্তিরক্ষাকারী দল দিলি পৌঁছেছে
অশান্ত পূর্ব তিমুরের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য বুধবার নিউজিল্যান্ডের ৪০ সদস্যের আরো একটি শান্তি রক্ষাকারী দল পূর্ব তিমুরের রাজধানী দিলিতে পৌঁছেছে।
দিলির সহিংসতা ও বিশৃংখলা বন্ধ করতে এই শান্তি রক্ষাকারী দলটিকে রাজধানীর পশ্চিম অংশে নিয়োগ করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
বুধবার নিউজিল্যান্ডের ১৩০ সদস্যের আরো একটি দল দিলিতে পৌঁছাবার কথা রয়েছে।
দিলির পথগুলোতে হাজার হাজার বিক্ষুব্ধ যুবক অষ্ট্রেলিয় শান্তিরক্ষাকারী দলের প্রতি পাথর নিক্ষেপ করে ছোট ছোট খন্ডযুদ্ধ চালিয়ে যাচ্ছে। বিক্ষুব্ধকারীরা অষ্ট্রেলিয় শান্তিরক্ষাকারী দলের পাল্টা আক্রমন ঠেকাতে টি শার্টে মুখ লুকিয়ে তাদের উপর আক্রমন চালিয়ে যাচেছ।
অষ্ট্রেলিয় শান্তিরক্ষাকারী দল এই সহিংসতা নিয়ন্ত্রনে ব্যর্থ হচেছ বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
সরকারের উচ্চপর্যায়ের রাজনীতিবীদের সাথে অন্যান্য নেতাদের আলোচনার পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রজরিও লোবাটো এবং প্রতিরক্ষমন্ত্রী ডি রক রডরিগেজকে সরকারি দায়িত্ব থেকে অব্যহতি দেওয়ার পরপরই পূর্ব তিমুরের অবস্থা উত্তাল হয়ে ওঠে।
দিলির বিক্ষুব্ধ জনতা রাজধানীর বিভিন্ন ভবন ও দোকানপাটে অগ্নিসংযোগ ও লুটপাটের পর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জ্যানানা গাসমাও দেশে ৩০ দিনের জন্য জরুরী অবস্থা জারি করেছেন।
দেশের সেনাবাহিনীর প্রাক্তন সৈন্যদের সাথে সরকারি নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে এপর্যন্ত কমপক্ষে ২৭ জন নিহত ও ১০০ জন আহত হয়েছে।
অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মালয়েশিয়া থেকে ১৩ শত’র বেশী নিরাপত্তারক্ষী দিলিতে শান্তিরক্ষায় নিয়োজিত থাকলেও বিভিন্ন আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থার লোকজন নিারপত্তাহীনতায় ভুগছেন।
