ভারতে মাদকদ্রব্যের ব্যবহার বৃদ্ধি সংক্রান্ত জাতিসংঘের রিপোর্ট প্রকাশ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে মাদক দ্রব্যের অপব্যবহার আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের মাদকদ্রব্য ও অপরাধ সংক্রান্ত সংস্থা এবং ভারতীয় সরকারের যৌথভাবে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
ভারতের এসব অঞ্চলে এইচআইভি ভাইরাস তথা এইডসের প্রকোপ বৃদ্ধির ক্ষেত্রে শিরার মধ্যে মাদকদ্রব্য গ্রহনের পরিমান বৃদ্ধির ব্যাপক প্রভাব রয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
ভারতে হেরোইন পাচার হয়ে আসার ক্ষেত্রে মিয়ানমার সীমান্তের দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থাকেও এ রিপোর্টে দায়ী করা হয়।
মাদক পাচারকারীরা দীর্ঘদিন ধরে মিয়ানমার ও আফগানিস্তানের আফিম উৎপাদনকারী এলাকা থেকে হেরোইন সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য ভারতকে ট্রানজিট এলাকা হিসেবে ব্যবহার করে আসছে। এতে করে ভারতে অবধারিতভাবে হেরোইন ব্যবহারের হার বেড়ে গেছে। তবে রিপোর্টটিতে হেরোইন ও আফিমসহ অন্যান্য মাদকদ্রব্য ব্যবহারের প্রবনতা বৃদ্ধির কথাও বলা হয়েছে।
রিপোর্টটিতে মাদকদ্রব্যের ব্যবহার ও এইচআইভি’র সংক্রমন নিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চল এলাকা থেকে তথ্য সংগ্রহের জন্য আহ্বান জানানো হয়েছে।
ইতিপূর্বে মাদকাসক্ত কিন্তু বর্তমানে আসক্তিমুক্ত ব্যক্তিরা মাদকাসক্ত ব্যক্তিদের সাথে কাজ করলে মাদকাসক্তির পরিমান কমানোর চেষ্টা ফলপ্রসু হতে পারে বলে এ রিপোর্টের বিশেষজ্ঞরা ধারনা প্রকাশ করেছেন।
