২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলকে ফিলিস্তিনের সাথে শান্তি আলোচনার আহ্বান জানালেন বুশ

 মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ যুক্তরাষ্ট্র সফররত ইসরাইলি প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টকে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি স্থাপনে ফিলিস্তিন সরকারের সাথে সরাসরি কথা বলার জন্য আহবান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 10:08 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

তিনি আরো বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা ইসরাইলের এখনো রয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

মে মাসের প্রথমদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে ওলমার্ট শপথ নেওয়ার পর এই প্রথম দুই নেতা ওয়াশিংটনে বৈঠকে মিলিত হলেন।

প্রেসিডেন্ট বুশ  ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহার করার একতরফা স্বিদ্ধান্তকে ওলমার্টের ‘সাহসী অভিপ্রায়’ হিসেবে অভিহিত করে বলেন ফিলিস্তিনের সাথে শান্তি স্থাপন প্রচেষ্টায় এটাই হতে পারে প্রথম পদক্ষেপ।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফাতাহ নেতা মাহমুদ আব্বাস ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে আসলেও ক্ষমতাসীন হামাস সরকার এই শান্তি প্রতিষ্ঠার চেষ্টার বিরোধিতা করে আসছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এবং পশিচমা বিশ্ব চায় হামাস ইসরাইলকে স্বীকৃতি দিয়ে সবধরনের সহিংস কর্মকান্ড পরিহার করবে এবং ইসরাইল-যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তিসমূহ মেনে নেবে।

এ বছর জানুয়ারীতে সাধারণ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পর হামাস ইসরাইলকে স্বীকৃতি প্রদানে এবং স্থায়ীভাবে সহিংসতা বন্ধে অস্বীকৃতি জানায়।