ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের সময়সীমা নির্ধারণে বৃটিশ প্রধানমন্ত্রীর বাগদাদ সফর
ইরাক সফররত বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সেদেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী নূরি আল মালিকিকে ইরাকের বিভিন্ন প্রদেশ থেকে কয়েক সপ্তাহের মধ্যে বৃটিশ সৈন্য প্রত্যাহার শুরু করা হতে পারে বলে জানিয়েছেন।
এছাড়া এক বছরের মধ্যে ইরাকের নিরাপত্তা বাহিনীর কাছে বিভিন্ন প্রদেশের দায়িত্ব হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
তবে ব্লেয়ারের সাথে সফররত উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন ইরাকে অবস্থানরত যৌথবাহিনীকে আগামী চার বছরের মধ্যে সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়া হবে।
ব্লেয়ার এ সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট বুশের সাথে হোয়াইট হাউসে ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে এক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানানো হয়েছে।
ব্লেয়ার মালিকিকে ইরাকে অবস্থানরত ৭,২০০ বৃটিশ সৈন্য প্রত্যাহারের বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা না জানিয়ে বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সৈন্য ইরাক থেকে প্রত্যাহার করে নেবো।’
মালিকি অবশ্য বৃটিশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত দক্ষিণ ইরাকের চারটি প্রদেশের দুটি ‘মুথানা’ এবং ‘মেসান’ আগামী মাসের মধ্যে ইরাকি বাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।
বৃটিশ কর্মকর্তারা এই গ্রীষ্মেই ইরাকের উল্লেখিত দুই প্রদেশ থেকে তাদের ১,৫০০ সৈন্য প্রত্যাহার করার বিষয়ে একমত হলেও একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ইরাকের সাথে এখনো এই বিষয়ে কোনো চুক্তি হয়নি বলে জানান।
