২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুগ্ধজাত খাদ্য গ্রহণ যমজ সন্তান জন্মদানের সম্ভাবনা বাড়ায়

নতুন একটি গবেষণায় দেখা গেছে যেসব নারী প্রতিদিন যথেষ্ট পরিমাণ দুগ্ধজাত খাদ্য গ্রহণ করেন তাদের যমজ সন্তান জন্ম দেয়ার সম্ভাবনা যারা দুগ্ধজাত খাবার কম গ্রহণ করেন তাদের চেয়ে বেশী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 12:29 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

‘রিপ্রোডাক্টিভ মেডিসিন’ নামক একটি জার্নালে বলা হয়, নারীদের মধ্যে যারা দুধ এবং দুগ্ধজাত খাদ্য গ্রহণ করেন তাদের ক্ষেত্রে যারা দুধ এবং দুগ্ধজাত খাদ্য গ্রহণ করেননা তাদের তুলনায় যমজ সন্তান ধারনের সম্ভাবনা পাঁচগুণ বেশী থাকে।

গত ৩০ বছরে বিশ্বে যমজ সন্তান জন্মগ্রহণের হার বেশ বেড়ে গেছে। কোনো কোনো দেশে এই হার ৫০ শতাংশের অধিক।

এতোদিন মনে করা হতো বন্ধ্যাত্ব নিরসন চিকিৎসা এবং নারীর বিলম্বিত গর্ভধারণ যমজ সন্তান জন্মদানে সহায়ক।

নতুন এই গবেষণায় বলা হচ্ছে প্রাণীজ প্রোটিন এবং দুগ্ধজাত খাদ্যও যমজ সন্তান জন্মে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

যেসব নারী পর্যাপ্ত পরিমাণে দুধ এবং দুগ্ধজাত খাদ্য গ্রহণ করে এবং যেসব নারী প্রাণিজ প্রোটিন এবং দুগ্ধজাত খাদ্য গ্রহণ করার বদলে নিরামিষ পছন্দ করে তাদের ওপর এই জরিপ চালানো হয়।

গবেষণায় দেখা যায়, প্রাণীর যকৃতে উৎপন্ন একধরনের প্রোটিন যমজ সন্তানের ভ্রুণ সৃষ্টির জন্য দায়ী। গরুর দুধে এবং প্রাণীজ প্রোটিনে আইজিএফ (ইনসুলিনের মতো গ্রোথ ফ্যাক্টর) নামক একধরনের উপাদান থাকে যা অধিক সংখ্যক ডিম্বানু  উৎপাদনের মাধ্যমে জরায়ুর উর্বরতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। এছাড়া অধিক পরিমাণ আইজিএফ গর্ভস্থ ভ্রƒণের টিকে থাকার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের মতো যেসব দেশ গৃহপালিত প্রাণীর খাদ্যে ‘গ্রোথ হরমোন’ প্রয়োগ করে সেসব দেশে নারীদের যমজ সন্তান জন্মদানের সম্ভাবনা অনেক বেশী বলে এই গবেষণায় বলা হয়েছে।